ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানী খেলার মাঠে পূজামণ্ডপের কাছ থেকে শুক্রবার রাতে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সেটির মধ্যে কোনও বিস্ফোরক ছিল না বলে রাতে পুলিশ জানিয়েছে।
মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে আরও জানানো হয়, ওই পূজামণ্ডপসহ সকল পূজামণ্ডপেই স্বাভাবিক পূজা-অর্চনা চলছে।
কাউকে আতঙ্কিত না হওয়ার জন্যও পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়।
রাত সোয়া ৮টার দিকে বনানী মাঠের ভেতরে গুলশান সর্বজনীন পূজা উদযাপন কমিটির পূজামণ্ডপের ছাউনির বাইরে দেয়ালের পাশ থেকে একটি প্রিঙ্গেলস চিপসের সিলিন্ডার আকৃতির কাগজের পাত্রে রাখা অবস্থায় বোমাসদৃশ বস্তুটি পাওয়া যায়।
তখনই ঘটনাস্থলে বনানী মাঠ থেকে বোমা উদ্ধার করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মিজানুর রহমান বলেন, "এটি উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য র্যাবের বোম ডিসপোজাল ইউনিট নিয়ে গেছে।"
র্যাব কর্মকর্তা মিজানুর আরও বলেন, "র্যাব-১ গোপন সূত্রে খবর পায় যে, এই পূজামণ্ডপে কেউ বোমা বহন করছে। এরপর র্যাব সদস্যরা এসে এটি উদ্ধার করেন।"
তিনি মন্তব্য করেন, আতঙ্ক ছড়ানোর জন্য এটি এখানে রাখা হতে পারে।
উদ্ধারকারী একজন র্যাব সদস্য জানান, চিপসের বোতলের ভেতরে বোমাটি দেখে প্রথমে মনে হয়েছিল গ্রেনেড। এটির আসল প্রকৃতি বের করার জন্য বোমা বিশেষজ্ঞ দল বোমাটি নিয়ে গেছে।
এটি উদ্ধারের পরপরই পূজামণ্ডপ থেকে ভক্ত ও দর্শনার্থীদের কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই মাঠের সীমানা দেয়ালের বাইরে বের করে দেওয়া হয়।
তবে দেওয়ালের চারপাশ ঘিরে ছিল উৎসুক দর্শনার্থীদের ভিড় জমে যায় । এর মধ্যেই প্রথম দফা তল্লাশির পর রাত ১০টার দিকে দ্বিতীয় দফায় আবারও ডগস্কোয়াডসহ তল্লাশি চালায় র্যাব।
এদিকে গুলশান পূজা উদযাপন কমিটির সদস্য সন্তোষ শর্মা সাংবাদিকদের বলেন, "তল্লাশির জন্য পূজায় খানিকক্ষণ বিরতি দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, তল্লাশী শেষে সবকিছু নির্বিঘে
bdnews24