লক্ষ্মীপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তোফায়েল আহমদকে (৩২) মঙ্গলবার রাতে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।
ইউনিয়নের হোটাটিয়া গ্রামের বাজারে রাত ১১টার দিকে দুর্বৃত্তরা তার ওপর হামলায় চালায়। হামলায় যুবলীগের কর্মী মোখলেছুর রহমান (২৬) আহত হয়েছেন। তাকে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন আওয়ামী লীগ নেতারা। তবে বিএনপি নেতারা বলেছেন এ ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন। রাজনৈতিক বিরোধের কারণে এই ঘটনা ঘটেনি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তোফায়েল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন- রুহুল আমিন (৪৫), আব্দুল মান্নান (২৪), আব্দুল হান্নান (৩০), জোটন হোসেন (২৩), আব্দুর রাজ্জাক (৩০) ও হাবিব।
বুধবার নিহতের স্ত্রী খোদেজা বেগম বাদী হয়ে গ্রেপ্তার করা ছয়জনসহ ৪৯ জনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি মামলা করেছেন বলেও ওসি জানান।
তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
রামগঞ্জ উপজেলার আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনির চৌধুরী, জেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম যৌথ বিবৃতিতে দাবি করেছেন, বিএনপির চিহ্নিত সন্ত্রাসী টিপু ও বেলাল বাহিনী পরিকল্পিভাবে হোটাটিয়া বাজারে তোফায়েলকে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। তাদের হামলায় মোখলেছসহ যুবলীগের তিন কর্মীও জখম হয়েছেন।
তবে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপিদলীয় সাংসদ নাজিম উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুবলীগ নেতা তোফায়েল হত্যাকাণ্ডে বিএনপির কেউ জড়িত নয়। আমি এ ঘটনার তীব্র নিন্দ জানাই এবং তার আত্মার মাগফেরাত কামনা করি।"
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকে টেলিভিশন চ্যানেলগুলোর খবর দেখার পরামর্শ দিয়ে বলেন, "রাজনৈতিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেনি।"
জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিমসহ স্থানীয় নেতারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এদিকে লক্ষ্মীপুর একশ' শয্যা হাসপাতালে ময়নাতদন্ত শেষে তোফায়েলের লাশ বুধবার বিকেলে হোটাটিয়ার গ্রামের বাড়ি নিয়ে গেলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক জানান, জানাজা শেষে তোফায়েলের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪২ ঘ.
bdnews24