নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকা থেকে মঙ্গলবার বিকেলে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাহীন (৩৬) শহরের খানপুর ব্রাঞ্চ রোড এলাকায় থাকতেন। তিনি শেরপুরের শ্রীবর্দী এলাকার রিয়াজুল হকের ছেলে। পকেটে পাওয়া পরিচয়পত্র থেকে তাকে সনাক্ত করা হয়। ঈদের দিন বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সদর মডেল থানার উপ-পরিদর্শক আতিয়ার রহমান জানান, চাষাড়ার সাধু পৌলের গীর্জার পাশের গলির ভেতর নালায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই আতিয়ার জানান, শাহীনের পরনে জিন্স প্যান্ট ও হলুদ গেঞ্জি ছিল। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
শাহীনের মা জোৎস্না বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৭৫৯ ঘ.
bdnews24