মানিকগঞ্জ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামে সোমবার রাতে ছাত্রলীগের একদল নেতাকর্মী একটি বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। এ সময় ওই বাড়ির তিনজন আহত হন।
আহত পিন্টু, তার ভাই লেবু ও ভাইপো মিরাজকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মানিকগঞ্জ দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানার নেতৃত্বে তার প্রতিবেশীর বাড়িতে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থল থেকে ১১জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। রফিকুল ইসলাম চৌধুরী রানাসহ ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মামলার বরাত দিয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাত পৌনে ১১টায় রানার নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা মাচাইন গ্রামের নজরুল ইসলাম পিন্টুর বাড়িতে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা ও ভাঙচুর করে। এ সময় চাপাতির কোপে পিন্টুসহ তিনজন আহত হন।
বাড়ির লোকজনের চিৎকারে গ্রাবাসী এসে দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ সহ-সভাপতি আবুল বাশার, ছাত্রলীগ কর্মী সিরাজুল ইসলাম, মোহাম্মদ খোকন, শফিক, মনিরুল ইসলাম, রাকিব, জাহিদ ও কামাল আহমেদকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।
পরে ওই রাতেই পুলিশ গিয়ে রানার বাবা বাবুল চৌধুরী, মা রোকেয়া বেগম, ভাই রনি এবং গ্রামবাসীর হাতে আটক আটজনসহ ১১জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
মঙ্গলবার বিকেলে পিন্টু বাদী হয়ে হরিরামপুর থানায় মামলা করেছেন। মামলায় রানাসহ ১২ জনকে আসামি করা হয়েছে।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮১৭ ঘ.
bdnews24