ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১১ ঘণ্টার মাথায় দেশে ফের ভূকম্পন অনুভূত হয়েছে।
সোমবার রাত ২টা ৪৮ মিনিট ৪১ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
এর আগে সোমবার বিকেলে বিকেল ৩টা ৫৩ মিনিটের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়।
মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মুজিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৫২ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে মিয়ানমারের কোনও এলাকায়।
তিনি বলেন, "আবহাওয়া অধিদপ্তরের ঢাকা, সিলেট, রংপুর ও চট্টগ্রাম স্টেশনে ভূমিকম্পটি রেকর্ড হয়েছে।''
সোমবার বিকেলে চীন-ভুটান সীমান্তে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৬ দশমিক ৪।
এর আগে ুগত ৪ সেপ্টেম্বর ভোররাতে ভারত-মিয়ানমার সীমান্তে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রকম্পিত হয় বৃহত্তর সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা।
তারও আগে ১১ আগস্ট গভীর রাতে ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই সময় বাংলাদেশ, ভারত, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে বাংলাদেশে সুনামির কোনও প্রভাব ছিল না।
ভূমিকম্প বিশেষজ্ঞরা বলে আসছেন, বাংলাদেশ একটি বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। যে কোনও সময় এ ভূমিকম্প আঘাত হানতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/০২০৪ ঘ.
bdnews24