ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রংপুর ও ধামরাইয়ে আলাদা দু'টি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।
রংপুরে দুই জন ও ধামরাইয়ে একজন মারা গেছে।
ঈদের দিন সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানীর কাছে ধামরাইয়ে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর একটি বাস রাস্তার নিচে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় দু' বাসের কমপক্ষে ২৫ যাত্রী। আহতদের ধামরাই ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতের নাম সাঈদ আহম্মেদ (৩৫)। তিনি মানিকগঞ্জ জেলার সদর থানার কান্দা বুড়িয়া গ্রামের মৃত আহম্মেদ হোসেনের পুত্র।
ধামরাই থানার উপ-পরিদর্শক আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে মানিকগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া বিআরটিসির একটি যাত্রীবাহী বাসটি সন্ধ্যা সাতটার দিকে মহাসড়ক থেকে প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ে যায়।
উল্টোদিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর সেটি খাদে পড়ে যায় বলে তিনি জানান।
ঘটনাস্থলেই বিআরটিসি'র যাত্রী সাঈদ আহম্মেদ নিহত হয়।
পুলিশ খাদে পড়ে যাওয়া বিআরটিসির বাসটি উদ্ধার করতে পারেনি।
ওদিকে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পাগারাপীর নামের স্থানে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে কারের ড্রাইভারসহ দুইজন নিহত হয়।
তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত লিমন স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
এ দুর্ঘটনায় আহত তিনজনকে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি আব্দুর রশীদ জানান একটি প্রাইভেট কার দিনাজপুর থেকে রংপুরে আসার পথে নিয়ন্ত্রন হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/০০০৩ ঘ.
bdnews24