ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৮ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঈদের দিনেই মারা গেছেন রাজধানীর শান্তিবাগে অগ্নিদগ্ধ গৃহবধূ সালমা আক্তার।
সোমবার বিকেল চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি।
১৯১/১ শান্তিবাগের বাসায় রোববার দুপুর ১২টার দিকে কেরোসিনের আগুনে দগ্ধ হওয়ার পর সালমাকে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
আগুনে সালমার সারা শরীর পুড়ে যায়।
তার স্বামী কে এম খন্দকার মেজবাহ উদ্দিন দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তা।
সালমার মৃত্যুর পর সোমবার রাতে তার ভাই খায়রুল ইসলাম একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেন বলে জানিয়েছেন মতিঝিল থানার সহকারী উপ-পরিদর্শক আবদুর রাজ্জাক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার ভাই ইউডি মামলায় জানিয়েছেন সালমা নিজেই নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।"
তবে সালমার বড় বোন বিলকিস হোসেন রোববার অভিযোগ করেছিলেন, সালমার স্বামী তার বোনের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/২৩৩৯ ঘ.
bdnews24