গাজীপুর, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কালিয়াকৈর ও সদর উপজেলায় সোমবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
এর মধ্যে কালিয়াকৈরে টমটম (এক ধরনের যান্ত্রিক রিকশা) চাপায় মারা গেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাকের আশিকের মেয়ে তিথিয়া (৭) ও সানোয়ার হোসেনের মেয়ে সাদিয়া (৪)।
সদর উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন রিকশাচালক জামালপুরের ইসলামপুর উপজেলার বেলুয়াচর গ্রামের হাছেন আলী মণ্ডল (৫০)।
কালিয়াকৈর থানার ভারপ্রাপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, সোমবার বিকেল ৩টার দিকে কালিয়াকৈরের চা বাগান-মৌচাক সড়কের পূর্ব মৌচাকে বাড়ির সামনে তিথিয়া ও সাদিয়া খেলা করছিল। এ সময় বেপরোয়া গতিতে চা বাগান থেকে আসা মৌচাকগামী একটি টমটম তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলে সাদিয়া মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তিথিয়া।
ওসি জানান, পুলিশ গাড়িটি আটক করেছে। চালক পলাতক রয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।
গাজীপুর সদরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুপুর দেড়টার দিকে নাওজোরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি রিকশার সংঘর্ষ হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, আহত রিকশাচালক হাছেন আলীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। জয়দেবপুর থানায় এ ব্যাপারে মামলা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪২ ঘ.
bdnews24