ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন সকালে বৃষ্টি দেখেই মন খারাপ হয়ে যায় ছোট্ট শিশু আবীরের।
তার ঈদের আনন্দটাই বুঝি ফিকে হয়ে গেলো। তবে দুপুরে বৃষ্টি থামায় হাঁফ ছেড়ে বাঁচে সে।
বাবার সঙ্গে যায় শাহবাগে শিশু পার্কে। একটার পর একটা ভেজা খেলনায় চড়ে তার আনন্দ যেন আর ফুরায় না।
কেবল আবীরের মতো শিশুরা নয়, সোমবার দুপুরে বৃষ্টি থামার পর বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ ভিড় করে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে।
বিভিন্ন শিশু পার্কে ছিলো শিশুদের উপচেপড়া ভিড়। শাহবাগে ঢাকা শিশু পার্কে ভিড়ের কারণে সামনের রাস্তায় যানজট লেগে যায়।
গুলশানের ওয়ান্ডার ল্যান্ড, আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্কেও অন্য দিনের চেয়ে ভিড় ছিলো অনেক বেশি।
ঢাকা চিড়িয়াখানাতেও ছিলো প্রায় একই চিত্র। সেখানে সাধারণ দিনের চেয়ে অনেক বেশি দর্শনার্থী যায়।
ঢাকা শিশু পার্কের কর্মকর্তা সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের দিন শিশু পার্কে ব্যাপক ভিড় ছিলো। সাধারণ দিনের চেয়ে কয়েকগুণ দর্শনার্থী যায়।
"সকালে বৃষ্টির কারণে ভিড় কিছুটা কম থাকলেও বিকেলে প্রচুর লোক সমাগম হয়।"
তিনি জানান, ঈদ উপলক্ষে সোমবার সকাল ১১ টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত পার্ক খোলা ছিলো। মঙ্গল ও বুধবারও এ সময় পর্যন্ত পার্ক খোলা থাকবে।
ঈদের দিনে শিশু পার্কে যাওয়া আবীরের বাবা বেসরকারী চাকরিজীবী আতিকুর বললেন,
" ছুটি ছাড়া সময় কই শিশুদের নিয়ে বেড়ানোর। তাই ছেলের আবদার রাখতেই হয়েছে।"
ঢাকা চিড়িয়াখানার পাবলিসিটি অফিসার সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে বৃষ্টির কারণে লোক সমাগম কম ছিল। দুপুরের পর অনেক হয়ে গেছে। দর্শনার্থীদের বেশির ভাগই ১৫ বছরের কম বয়সী। তাদের বেশির ভাগই পুরান ঢাকা থেকে আসা।"
তিনি আরও বলেন, "সংখ্যার হিসেবে দর্শনার্থী ৫০ হাজারের বেশি হবে। আগামী এক সপ্তাহ এ রকম ভিড় থাকবে চিড়িয়াখানায়।"
সাধারণভাবে গড়ে প্রতিদিন ঢাকা চিড়িয়াখানায় ১০ হাজার দর্শনার্থী যায়। প্রায় ১৮৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ চিড়িয়াখানায় এখন প্রায় দেড়শ প্রজাতির দু' হাজারের বেশি প্রাণী রয়েছে।
সাইফুল ইসলাম জানান, অন্যান্য দিনের মত সোমবার বিকেল ছয়টায় চিড়িয়াখানার প্রবেশ পথ বন্ধ করা হয়।
তবে দর্শনার্থী বের হওয়ার জন্য অন্যদিনের তুলনায় কিছুটা বেশি সময় প্রধান ফটক খোলা ছিলো।
তিনি বলেন, "নিরাপত্তা নিশ্চিত করতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আনসার সদস্যরা চিড়িয়াখানার ভেতরে টহল দেন। পাশাপাশি স্থানীয় থানা এবং র্যাবের সঙ্গে যোগাযোগ রাখা হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএমএ/এমইউএস/এসএইচ/২১৪০ ঘ.
bdnews24