২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শোক

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী এম এ মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2009, 02:22 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী এম এ মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এম এ মান্নান (৭৩) সোমবার সকালে মারা যান। সকাল সোয়া ৯টার দিকে ঈদের নামাজ আদায় করার পরই তিনি হৃদরোগে আক্রান্ত হন। প্রধানমন্ত্রী তার শোক বিবৃতিতে বলেন, বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই প্রবীণ জননেতার মৃত্যুতে দেশ হারিয়েছে তার যোগ্য সন্তানকে। আওয়ামী লীগ হারিয়েছে সুদক্ষ সংগঠককে। আর, চট্টগ্রামবাসী হারিয়েছে তাদের প্রিয় সন্তানকে। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিরোধী দলীয় নেতা তার বার্তায় এই প্রবীন নেতার মৃত্যুতে শোক গভীর প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তার মৃত্যুতে দেশ একজন প্রবীন রাজনীতিক ও মুক্তিযোদ্ধাকে হারাল।'' বিরোধী দলীয় নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এম এ মান্নানের মৃত্যুতে সোমবার শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। শোকবার্তায় খন্দকার মোশাররফ বলেন, এম এ মান্নানের মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনীতিক হারালো। তিনি শ্রমজীবী ও সাধারণ মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তিনি বলেন, দেশে গণতন্ত্রের উত্তরণ ও জাতীয় রাজনীতিতে তার অবদান জাতি আজীবন স্মরণ রাখবে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়ই মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/কিউএইচ/এসএইচ/২০১২ ঘ.