২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি'র সমাবেশে বোমা হামলা মামলায় আরিফ ফের রিমান্ডে

রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জনসভায় বোমা হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফকে আবারও জিজ্ঞাসাবাদের করতে একদিনের জন্য সিআইডি হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2009, 12:57 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জনসভায় বোমা হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফকে আবারও জিজ্ঞাসাবাদের করতে একদিনের জন্য সিআইডি হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। সোমবার বিকেলে এই আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক শামীমা পারভীন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মৃণাল কান্তি সাহা আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতে নেওয়ার আবেদন করেন। এর আগে গত ১৭ সেপ্টেম্বর তাকে তিনদিনের জন্য সিআইডি হেফাজতে নেওয়া হয়েছিল। ২০০১ সলের ২০ জানুয়ারি পল্টনে সিপিবি সমাবেশে বোমা হামলার ঘটনায় চারজন নিহত এবং বেশ কয়েজন আহত হন। ওই ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়। ২০০৩ সালের ২৩ ডিসেম্বর এ মামলায় পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। ২০০৫ সালের ২৯ জানুয়ারি মামলাটি পুনরুজ্জীবিত করে আবার তদন্তের জন্য পাঠানো হয়। আবারও হেফাজতে নেওয়ার অনুমতি চেয়ে করা আবেদনে বলা হয়, সিপিবি'র সমাবেশে বোমা হামলার ঘটনার মামালায় আরিফুল ইসলাম আরিফের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বোমা হামলায় জড়িত অপর অভিযুক্তদের নাম ঠিকানা ও মজুদ বোমা উদ্ধার এবং আগের তিনদিন রিমান্ডে পাওয়া তথ্যের যাচাইবাছাইয়ের জন্য আরিফকে আরও সাতদিনের জন্য হেফাজতে নেওয়া দরকার। এর বিরোধিতা এবং জামিন প্রার্থনা করে আরিফের আইনজীবী গোলাম মোস্তাফা খান ও সোহেল আহমেদ আদালতকে বলেন, প্রয়োজনে তদন্ত কর্মকর্তা তাকে নিজের অফিসে জিজ্ঞাসাবাদ করতে পারেন। হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। আরিফ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন বলেও তারা আদালতকে জানান। শুনানি শেষে আদালত আরিফকে একদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেয়। তাকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্যও নির্দেশ দেয় আদালত। ঢাকা সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের (রমনা এলাকার) পরপর তিনবার নির্বাচিত কাউন্সিলর আরিফকে গত ১৫ সেপ্টম্বর সিআইডি কার্যালয়ে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সিপিবি'র সমাবেশে বোমা হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি হেফাজতে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এমএসবি/১৮৫৫ ঘ.