২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উৎসবে রঙিন বন্দরনগরী

এক মাস সিয়াম সাধনার পর সোমবার ঈদ উৎসবে মেতে উঠেছে বন্দরনগরী চট্টগ্রাম। সকালের বৃষ্টি কিছুটা বাগড়া দিলেও অলস নগরীতে এখন কেবল উৎসবের রঙ। ভিন্ন ধর্মাবলম্বীরাও মেতেছে মুসলমানদের প্রধান এ ধর্মীয় উৎসবে। ঈদের নামাজ পড়তে গিয়ে অনেকেই বৃষ্টিতে ভিজে একাকার হয়। সেই সঙ্গে বিষাদ ছুঁয়ে যায় চট্টগ্রামে সর্বজন শ্রদ্ধেয় জননেতা এম এ মান্নানের আকস্মিক মৃত্যুর খবরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2009, 12:01 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ফারুক ইকবাল চট্টগ্রাম ব্যুরো প্রধান চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক মাস সিয়াম সাধনার পর সোমবার ঈদ উৎসবে মেতে উঠেছে বন্দরনগরী চট্টগ্রাম। সকালের বৃষ্টি কিছুটা বাগড়া দিলেও অলস নগরীতে এখন কেবল উৎসবের রঙ। ভিন্ন ধর্মাবলম্বীরাও মেতেছে মুসলমানদের প্রধান এ ধর্মীয় উৎসবে। ঈদের নামাজ পড়তে গিয়ে অনেকেই বৃষ্টিতে ভিজে একাকার হয়। সেই সঙ্গে বিষাদ ছুঁয়ে যায় চট্টগ্রামে সর্বজন শ্রদ্ধেয় জননেতা এম এ মান্নানের আকস্মিক মৃত্যুর খবরে। নগরীতে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। এখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক মন্ত্রী এম এ মান্নানসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, সাংসদ, রাজনীতিবিদ ও সমাজের বিভিন্ন স্তরের কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করেন। জামাতের ইমামতি করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল কাদেরী। এই মসজিদে ঈদের দ্বিতীয় জামাতও হয়। এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডে ১২৯টি মসজিদ ও ময়দানে ঈদের জামাত হয়। রোববার সন্ধ্যায় আকাশে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু হয়। আর তা বহুমাত্রিক রূপ পায় সোমবার সকালে ঈদের নামাজ শেষে পরস্পর কোলাকুলি, ভাব বিনিময় ও বাসায় ডেকে নিয়ে সুস্বাদু খাবার পরিবেশনের মধ্য দিয়ে। পাড়া-মহল্লায় নতুন জামা-কাপড় পরে শিশু-কিশোরদের হৈ-হুল্লোড় ও গুরুজনদের সালাম করে 'ঈদি' আদায়ের রেওয়াজেও ব্যত্যয় ঘটেনি। ছোট্ট শিশুরা 'ঈদি' হিসেবে কড়কড়ে নতুন টাকা পেয়ে উচ্ছ্বসিত, বড়রা তা দিতে পেরে হন তৃপ্ত। সানসাইন গ্রামার স্কুলের নবম শ্রেণীর ছাত্র সানি বেলা ১টার মধ্যেই 'ঈদি' পেয়েছে সাতশ' টাকা। তার জমজ দুই বোন রিয়া ও হিয়া অতটা পায়নি। তাতে মন খারাপ না করে তারা বরং নতুন জামা-কাপড় পরে বান্ধবীদের বাসায় বেড়াতে যাওয়ার আনন্দে ছিল উদ্বেল। তাদের মত আরও অনেক শিশু-কিশোর নির্মল আনন্দে মেতে ওঠে। তাদের বিচিত্র সুন্দর পোশাক উৎসবে মহানন্দের রঙ ছড়িয়েছে। ফাঁকা রাস্তায় রিকশা, সিএনজি চালিত স্কুটার, বাস কিংবা প্রাইভেটকারে করে অনেকেই ছুটে গেছে বন্ধু কিংবা আত্মীয়বাড়ি। নগরীতে ঈদ আনন্দ উপভোগ করছেন ভিন্ন ধর্মাবলম্বীরাও। দুর্গা পূজার ঠিক আগে আগে ঈদ এসেছে বলে ভাল লাগছে ব্যাংকার প্রদীপ দত্তের। অনুভূতির প্রকাশ করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন মুসলমান বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দে ভাগ বসিয়েছি। "ঈদের রেশ কাটতে না কাটতেই পুজোর ঢাক বেজে উঠবে। দুটো বড় ধর্মীয় উৎসব প্রায় একই সময়ে সবাই মিলে উপভোগ করার সুযোগ পেয়েছি। এটা বেশ মজার।" ঈদে নগরীর কয়েকটি দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রে আয়োজন করা হয়েছে আনন্দ মেলা ও কনসার্ট। ফয়'স লেকে ফ্যান্টাসি কিংডম, চান্দগাঁওয়ে জিয়া স্মৃতি কমপ্লেক্স এ জন্য সেজেছে নতুন সাজে। পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় আয়োজন করা হয়েছে ঈদ আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। বেলা ১২টা থেকে শুরু হয়েছে এসব অনুষ্ঠান। চলবে রাত ১১ টা পর্যন্ত। ঈদ উপলক্ষে এসব বিনোদনমূলক আয়োজন নগরীতে উৎসবের আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। বিনোদন পিয়াসীরা তাই এখন দল বেঁধে যেতে শুরু করেছে সাগর সৈকত, ফয়'স লেক, জিয়া স্মৃতি কমপ্লেক্সসহ অন্যান্য পার্ক ও বিনোদন কেন্দ্রে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/এজে/এমএসবি/১৭৫৮ ঘ.