২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূকম্পন

ঈদের দিন সোমবার বিকেলে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান। চীন-ভুটান সীমান্তে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৪ ছিল বলে ঢাকায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2009, 11:12 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন সোমবার বিকেলে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান। চীন-ভুটান সীমান্তে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৪ ছিল বলে ঢাকায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পে রাজধানীতে বিকেল ৩টা ৫৩ মিনিটের দিকে অনেক ভবন কেঁপে ওঠে। বহুতল ভবন থেকেও কম্পন টের পাওয়া যায়। এতে ঈদ উদযাপনে ব্যস্ত নগরবাসী হঠাৎ কিছুটা থমকে যায়। অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। নগরীর বিভিন্ন স্থান থেকে একাধিক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে ভূমিকম্পের মাত্রা জানতে চান। গত ৪ সেপ্টেম্বর ভোররাতে ভারত-মিয়ানমার সীমান্তে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রকম্পিত হয় বৃহত্তর সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা। এর আগে ১১ আগস্ট গভীর রাতে ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই সময় বাংলাদেশ, ভারত, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে বাংলাদেশে সুনামির কোনও প্রভাব ছিল না। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলে আসছেন, বাংলাদেশ একটি বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। যে কোনও সময় এ ভূমিকম্প আঘাত হানতে পারে। সোমবার দেশে ভূকম্পন অনুভূত হওয়ার ঘণ্টাখানেক পর ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল ৩টা ৫৩ মিনিটে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ঢাকা থেকে ৪৬২ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে চীন-ভুটান সীমান্তে।" তবে ভূকম্পনটি কতক্ষণ স্থায়ী ছিল তা জানাতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় দমকল বিভাগের দায়িত্বরত কর্মী নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের কাছে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। ওদিকে, ভূমিকম্পটি ভুটান সীমান্তের মধ্যেই আঘাত হানে বলে ইউএস জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তারা আরও জানিয়েছে, ভুটানের রাজধানী থিম্পু থেকে ১০৪ মাইল পূর্বে ভূপৃষ্ঠের সাড়ে চার মাইল গভীরে ছিল এর কেন্দ্র। তবে এতে তাৎক্ষণিকভাবে দেশটিতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর, টাঙ্গাইল, সুনামগঞ্জ, সিলেট, রংপুর, নীলফামারি, গাইবান্ধা ও পঞ্চগড় প্রতিনিধি কম্পনের বিষয় নিশ্চিত করেছেন। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক প্রকাশ চন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে।" জামালপুর প্রতিনিধি জানান, বিকেল ৩টা ৫৬ মিনিটে জামালপুরের সব এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। এর স্থায়িত্ব ছিল ১০-১২ সেকেন্ড। তবে এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভূকম্পনের সময় মানুষ আতঙ্কিত হয়ে ঘরের বাইরে বের হয়ে পড়ে। মুসলমানরা বিভিন্ন সুরা পড়তে এবং হিন্দু সম্পাদয়ের লোকজন উলু ধ্বনি দিতে শুরু করে। জেলার সীমান্তবর্তী বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক সরোয়ার জামান রতন জানান, ভূমিকম্পনের সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিকেএস/এজে/এমএসবি/এসএইচ/১৯৪৩ ঘ.