ঢাকা সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন সোমবার রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে সকাল থেকেই বৃষ্টি হয়। বৃষ্টির কারণে অনেক জায়গায় ঈদগাহ মাঠে নামাজে বিঘ্ন ঘটে।
তবে ভরসা দিয়ে আবহাওয়া অফিস বলেছে, দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। (আরো তথ্যসহ)
রাজধানীতে সকাল থেকেই থেমে থেমে গুড়ি ও মাঝারি ধরণের বৃষ্টি হয়েছে নানান জায়গায়। ফকিরাপুল থেকে কাকরাইলমুখী সড়ক, শান্তিনগর, মগবাজার ও মৌচাকের প্রধান সড়কে রাস্তায় পানি জমে যায়। ১১ টার দিকে এসব জায়গায় কয়েকটি প্রাইভেট কার অচল হয়ে থাকতে দেখা গেছে। রাজপথে রিকশা ও অন্যান্য যানবাহনের সংখ্যা ছিল নগণ্য।
ময়মনসিংহ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক রোহান জিয়াদ জানান, সেখানে প্রবল বৃষ্টির কারণে প্রধান ঈদগাহের জামাত অনুষ্ঠিত হয়নি। বিকল্প হিসেবে এলাকার বিভিন্ন মসজিদ থেকে মাইকে সেখানে নামাজ আয়োজনের কথা জানানো হয় শহরবাসীকে।
জোর বৃষ্টির কারণে ময়মনসিংহ শহরের অনেক স্থানেই পানি জমে যায়।
চট্টগ্রাম ও টাঙ্গাইল থেকেও বৃষ্টির খবর পাওয়া গেছে।
মৌসুমী বায়ুর প্রভাবে স্বাভাবিক বৃষ্টি
আবহাওয়া অফিস থেকে জানানো হয় মৌসুমী বায়ুর প্রভাবেই দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান সোমবার বেলা ১২ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সারা বাংলাদেশসহ উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। টাঙ্গাইল, ময়মনসিংহসহ ঢাকার উত্তরে বজ্রমেঘ সৃষ্টি হওয়ায় বৃষ্টিপাত হয়।
ঢাকায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তবে দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম বলে জানান তিনি।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, মেঘ ধীরে ধীরে পশ্চিম দিকে সরে গিয়ে দেশের পশ্চিমাঞ্চলেও বৃষ্টিপাত ঘটাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/১৩২২ঘ.
bdnews24