ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানবাহনের দীর্ঘ লাইন। ট্রাফিক সিগন্যালে যন্ত্রণাদায়ক অপেক্ষা। বাসের জন্য হাপিত্যেস। অফিস শেষে বাসায় ফিরতে আবার ধাক্কাধাক্কি।
এসবই হলো রাজধানী ঢাকার চির-চেনা চিত্র।
তবে রোববারের ঢাকা ছিল এ রূপের সম্পূর্ণ বিপরীত।
'পুরো রাজধানীই ফাঁকা। ভাবতে অবাক লাগছে। কোন যানজট নেই। নেই গাড়ির হর্নের বিকট শব্দ। ইস্ সারা বছরই যদি এমন থাকতো!'-- এ মন্তব্য মীরপুর-১০ নম্বরের বাসিন্দা আমিরুল ইসলামের।
তিনি জানান, মীরপুর থেকে সকালে নিউমার্কেট এলাকায় এসেছেন মাত্র ২০ মিনিটে। অন্যদিন এই এলাকায় আসতে সময় লাগে দেড়ঘন্টারও বেশি।
ঈদের তিনদিনের ছুটিতে রাজধানী ফাঁকা হয়ে গেছে মূলত বৃহস্পতিবার থেকেই।
জীবিকার তাগিদে রাজধানীবাসী হওয়া বেশিরভাগ মানুষ নিজের গ্রাম বা মফস্বল শহরে ছুটে গেছেন গত কয়েকদিনে।
সারা বছর সিএনজি অটোরিকশার পেছনে সবাই ছুটলেও গ্রীনরোডসহ কয়েকটি সড়কে দুপুরে দেখা গেছে একটি সিএনজি ডাকলে তার পেছনে থেমে দাঁড়িয়েছে এক বা একাধিক অটোরিকশা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সায়েদুল ইসলাম তালাত মোটরসাইকেলে করে রোববার সকালে মীরপুর শ্যাওড়াপাড়া থেকে হাইকোর্ট এলাকায় এসেছেন মাত্র ১৭ মিনিট সময়ে।
তিনি বলেন, "অন্যান্য দিন শ্যাওড়াপাড়া থেকে মোটরসাইকেলেই জাতীয় প্রেসক্লাব কিংবা হাইকোর্ট এলাকায় আসতে তার সময় লাগে এক থেকে দেড় ঘন্টা। "
সরেজমিন গুলশান এক নম্বর চত্ত্বর, মহাখালী রেল ক্রসিং মোড়, বিজয় সরণির মোড়, ফার্মগেট, মগবাজার, মালিবাগ, কাকরাইল মোড়, পল্টন, গুলিস্তান, মতিঝিল, সায়দাবাদ, যাত্রাবাড়ি, নিউমার্কেট মীরপুর সড়কসহ রাজধানীর বেশিরভাগ প্রধান সড়কই প্রায় যানবাহন শুন্য অবস্থায় দেখা গেছে।
কিছু যাত্রীবাহী বাস, সিএনজি চালিত অটোরিকশা, বিক্ষিপ্ত কিছু রিকশা, ট্যাক্সি ক্যাব ও প্রাইভেট কার চোখে পড়েছে বলে এ প্রতিবেদক জানান।
তবে গাবতলী, মহাখালী এবং সায়দাবাদ বাস টার্মিনালে কিছুটা ভিড় দেখা গেছে। শেষ সময়ে বাড়ি যেতে অনেক মানুষ এসব টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করছে।
সব মিলিয়ে চিত্রটা ঈদের আগে-পরের চেনা ঢাকারই। নেই গাড়ির ইঞ্জিনের গর্জন, কানে তালা লাগানো হর্ন বা ফুসফুস কালো করা ধোঁয়া। কোলাহল আর ইঁদুর দৌড়ের ব্যস্ততা থেকে রাজধানী যেন জিরিয়ে নিচ্ছে দিন কয়েক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসএইচ/এসকে/১৬০৬ ঘ.
bdnews24