কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নিয়ে ধর্ষণ মামলায় মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জের নিকলী থানার উপ-পরিদর্শক (এসআই) শশাংক কুমার সরকারকে সাময়িকবাবে বরখাস্ত করা হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) ভানুলাল দাস স্বাক্ষরিত এক পত্রে শনিবার এ আদেশ দেওয়া হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিকলী উপজেলার বেয়াতিরচর দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে বেয়াতিরচর গ্রামের সোহেল (২৪) গত জুন মাসে ধর্ষণ করে। ১৫ জুন ধর্ষিতা নিজে বাদী হয়ে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে বিচারকের নির্দেশে নিকলী থানায় মামলাটি নথিভুক্ত হয়।
পরবর্তীতে ডাক্তারী পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পাওয়া যায়।
ওসি বলেন, তদন্তকারী কর্মকর্তা এসআই শশাংক কুমার সরকার অভিযোগপত্র দেওয়ার জন্য ধর্ষিতার বাবার কাছে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। মেয়েটির বাবা ছয় হাজার টাকা দেন।
মেয়েটির বাবা আর টাকা দিতে না পারায় এসআই শশাংক আসামিপক্ষের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে অভিযোগপত্র না দিয়ে চূড়ান্ত প্রতিবেদন (ঘটনার প্রমাণ পাওয়া যায়নি) দেন।
এ অবস্থায় বাদী গত ১৩ সেপ্টেম্বর এসপি'র কাছে বিষয়টি জানিয়ে আবেদন করে। এসপি বিষয়টি তদন্তের জন্য মিঠামইন সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. আসাদুজ্জামানকে নির্দেশ দেন।
ওসি আরও বলেন, এএসপির'র তদন্তে বাদীর অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে এসপি এই আদশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৬ ঘ.
bdnews24