২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে সাভারে দুটি পোশাক কারখানায় বিক্ষোভ

বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

সাভার, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। আশুলিয়ার বাইপাইল এলাকার সিজন সোয়েটার্স কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু করে। বিকেলে পুলিশের সহায়তা চেয়ে তারা আশুলিয়া থানায় যায়। পুলিশের পরামর্শে সন্ধ্যার দিকে তারা ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে যায়। অন্যদিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত বিশ্বাস গ্র"প অফ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর শ্রমিকরা এক মাসের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিজন সোয়েটার্স লিমিটেডের শ্রমিকরা তিনমাসের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে সকাল ১০টা থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। বিকেল ৪টার দিকে বিক্ষুব্ধ পাঁচ শতাধিক শ্রমিক থানার সামনে এসে ভিড় জমায়। পুলিশ তাদের বিজিএমইএ-এর নেতাদের কাছে যাওয়ার পরামর্শ দেয়। এ সময় একাধিক মহিলা শ্রমিকরা কান্নায় ভেঙ্গে পড়েন। পরে বিকাল ৫ টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা দুটি ট্রাকে করে ঢাকায় বিজিএমইএ কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। থানা চত্বরে কারখানার নিটিং অপারেটর তুহিন, রবিউলসহ কয়েকজন শ্রমিক জানান, তিন মাস ধরে মালিক তাদের কোন বেতন-ভাতা দিচ্ছেন না। বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে তারা চরম দুর্দশার মধ্যে আছেন। ভাড়া দিতে না পারায় অনেককে বাড়ি ছাড়তে হয়েছে। দোকানের বকেয়া দিতে না পারায় দোকানিরাও আর জিনিসপত্র দিতে চাচ্ছে না। নিরুপায় হয়ে তারা পুলিশের কাছে এসেছেন। এ ব্যাপারে সিজন সোয়েটার্সের মালিক জিয়াউল আমিনের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি। অপরদিকে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত বিশ্বাস গ্র"প অফ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আগস্ট মাসের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে সকাল থেকে কর্মবিরতি ও দফায় দফায় বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করে। পরে পুলিশ মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করলে সন্ধ্যায় শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৮ ঘ.