ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন-ভাতার দাবিতে কয়েকশ' পোশাক শ্রমিক শনিবার ইফতারের সময় থেকে আড়াই ঘণ্টা রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করেছে।
সাভারের আশুলিয়ার বাইপাইলের সিজন সোয়েটার্স লিমিটেডের শ্রমিকরা তিনটি ট্রাকে করে করে এসে বিজিএমইএ- ভবনের সামনে অবস্থান নেয়। সন্ধ্যা সাতটার দিকে তারা বিক্ষোভ শুরু করে।
রাত সাড়ে নয়টার দিকে শ্রমিকদের সঙ্গে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতৃবৃন্দের আলোচনা ও কিছু আর্থিক সুবিধা দেওয়ার পর শ্রমিকরা বিক্ষোভ থামিয়ে দেয়।
শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার পর রাতে মানবিক দিক বিবেচনা করে বিজিএমইএর পক্ষ থেকে আর্থিক সুবিধা দেওয়া হয়।
রাত সাড়ে নটায় বিজিএমইএ সভাপতি আব্দুল সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "মানবিক দিক বিবেচনা করে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আপাতত একটি সমাধান করা হয়েছে।
"আমাদের সাধ্য অনুযায়ী, তাদের কিছুটা খরচ দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে আবার আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
সিজন সোয়েটার লিমিটেডের মালিক জিয়াউল আমিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "একটা শো কজ তো অবশ্যই করা হবে। অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না-সেটি আলোচনার পরেই ঠিক করা হতে পারে।"
বিক্ষোভ শুরুর পর শ্রমিক আল-আমিন জানান, কারও দুই মাস, আবার কারও তিন মাসের বেতন বকেয়া আছে। এর আগে একবার বিক্ষোভের মুখে আশুলিয়া থানার পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ ৬ সেপ্টেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়।
তিনি জানান, এরপরে আরও কয়েকটি তারিখ দেওয়া হলেও সর্বশেষ শনিবার বিকেলে তাদের জানিয়ে দেওয়া হয়, ঈদের আগে বেতন পরিশোধ সম্ভব নয়। এরপর বিক্ষ্ব্ধু শ্রমিকরা ট্রাকে করে এসে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেয়।
সেখানে শ্রমিকদের অবস্থানের খবরে রমনা অঞ্চলের পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা ছুটে যান। সংঘর্ষের আশঙ্কায় বিপুল সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়।
বিজিএমইএ সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও বলেন, "এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমরা কারখানাটির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
"তবে তিনি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছেন। এখন তো ফোনই ধরছেন না। আমরা ৭৮০টি সমস্যা কবলিত গার্মেন্টসের তালিকা করেছিলাম। শুধু এই একটি ক্ষেত্রেই সমস্যা হলো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি জানান, এর আগে সকাল ১০টায় সিজন সোয়েটার্স লিমিটেডের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করে। বিকেলে তারা পুলিশের সহযোগিতা চাইতে আশুলিয়া থানায় যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল ৪টার দিকে বিক্ষুব্ধ পাঁচ শতাধিক শ্রমিক থানার সামনে এসে ভিড় জমায়। পুলিশ তাদের বিজিএমইএ নেতাদের কাছে যাওয়ার পরামর্শ দেয়।
এ সময় একাধিক মহিলা শ্রমিক কান্নায় ভেঙ্গে পড়েন। পরে বিকাল পাঁচটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা দুটি ট্রাকে করে ঢাকায় বিজিএমইএ কার্যালয়ের উদ্দেশে রওনা দেয়।
থানা চত্বরে কারখানার নিটিং অপারেটর তুহিন, রবিউলসহ কয়েকজন শ্রমিক জানান, তিন মাস ধরে মালিক তাদের কোনো বেতন-ভাতা দিচ্ছেন না। বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে তারা চরম দুর্দশার মধ্যে আছেন। ভাড়া দিতে না পারায় অনেককে বাড়ি ছাড়তে হয়েছে। দোকানের বকেয়া দিতে না পারায় দোকানিরাও আর জিনিসপত্র দিতে চাচ্ছে না। নিরুপায় হয়ে তারা পুলিশের কাছে এসেছেন।
এ ব্যাপারে সিজন সোয়েটার্সের মালিক জিয়াউল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এসএইচ/এমএসবি/এইচএ/২২৫৪ ঘ.
bdnews24