২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, খাগড়াছড়ি ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শুক্রবার সন্ধ্যা ও রাতে আটজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 04:37 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, খাগড়াছড়ি ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শুক্রবার সন্ধ্যা ও রাতে আটজন নিহত হয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও টেম্পোর সংঘর্ষে মারা গেছেন চারজন। জয়পুরহাটের সদর উপজেলার পারুলিয়ায় টেম্পু ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। খাগড়াছড়ির দিঘীনালায় উপজেলায় জিপ উল্টে খাদে পড়ে মারা গেছেন দুজন। ফরিদপুরের মধুখালীতে মারা গেছেন একজন বাসযাত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জের রাজমণি হোটেলের সামনে শুক্রবার সন্ধা সোয়া ৭টায় ট্রাক ও টেম্পোর সংঘর্ষে মারা গেছেন চারজন নিহত মারা গেছেন। নিহতদের মধ্যে নাজির মিয়া (২২) ও সাদ্দাম হোসেন (২৪) ঘটনাস্থলে এবং হাবিবুল্লাহ (২৮) নুর মেডিকেল সেন্টারে মারা যান। অজ্ঞাতনামা আরেকজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পথে মারা গেছেন। নিহতদের সবার বাড়ি আশুগঞ্জের দুর্গাপুরে। তারা টেম্পোতে করে আশুগঞ্জে আসছিলেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফরুল্লাহ জানান, একটি মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী টেম্পুর সংঘর্ষ হয়। তিনি জানান, আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। জয়পুরহাট: সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে আটটার দিকে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সদর উপজেলার পারুলিয়ায় টেম্পো ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। নিহত মালেকা বেগম (৪২) পাঁচবিবির আইমারসুলপুর গ্রামের আব্দুল মতিনের স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত আব্দুল মতিনকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাগড়াছড়ি: নিহতরা হলেন- টুইক্যা হাজী চাকমা (২৬) ও পুতুলি চাকমা (২৫)। আহতরা হলেন- অনিলা চাকমা (৩০), গরিকা চাকমা (৩৫), নবল চাকমা (দেড় বছর) ও নোবেল চাকমা (১০)। দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র জানান, একটি জিপ ধান নিয়ে দিঘীনালা থেকে খাগড়াছড়ি সদরে আসার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলাপাড়া নামক স্থানে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরিদপুর: সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা নামক স্থানে ফরিদপুর থেকে মাগুরাগামী নূর পরিবহনের একটি বাস সেতুর রেলিংয়ে ধাক্কা খায়। তবে বাসটি সেতু থেকে পড়ে যায়নি। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মহসিনুল হক জানান, বাসটি নিয়ন্ত্রণ হারানোর কারণে এ ঘটনা ঘটেছে। তিনি জানান, দুর্ঘটনায় নিহত হয়েছেন মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের ইছাহাক শেখ (৪৫)। আহত হয়েছেন অন্তত ২৫ জন। এদের মধ্যে ১০ জনকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৫ ঘ.