সাতক্ষীরা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার তালা ও কলারোয়া এবং যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলাকে দুর্গত এলাকা ঘোষাণাসহ চার দফা দাবিতে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
কপোতাক্ষ বাঁচাও আন্দোলন সমন্বয় কমিটির উদ্যোগে সাতক্ষীরার পাটকেলঘাটা সেতুর উপর এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে তা এক পর্যায়ে অবরোধে রূপ নেয়।
অবরোধ কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি খোলা চিঠিও পাঠানো হয়।
সকাল ১১ টায় পাটকেলঘাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে এক হাজারের বেশি বানভাসি মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে পাটকেলঘাটা বাজার ঘুরে পাটকেলঘাটা সেতুতে অবস্থান নেয়। এ সময় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলন সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ, কমিটির সাতক্ষীরা জেলা সমন্বয়ক ও ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এবং কমিটির আহ্বায়ক অনিল বিশ্বাস।
বক্তারা বলেন, স্থায়ী সংস্কারের জন্য কপোতাক্ষ নদ খননের নির্বাচনী অঙ্গীকার সত্ত্বেও বর্তমান সরকার জরুরি ভিত্তিতে তা সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। যে কারণে তিন দিনের বর্ষণে ও কপোতাক্ষ নদের উপচেপড়া পানিতে এ চারটি উপজেলার বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। কাঁচা ঘরবাড়ি ধ্বসে পড়ছে। হাজার হাজার একর জমির ফসল তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। তারা মানবেতর জীবন যাপন করছেন। এসব এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগ।
পানিবন্দী মানুষের মাঝে এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়নি অভিযোগ করে তারা আরও বলেন, ২০০৩ সালে গণআন্দোলনের মুখে কপোতাক্ষ নদ খননে ২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়। কিন্তু তখন কপোতাক্ষ নদ খনন করা হলেও বরাদ্দ অর্থের বেশিরভাগই লুটপাট হয়। জরুরি অবস্থা জারির পর গণআন্দোলনের মুখে পাটকেলঘাটার ভাটিতে ড্রেজিং এর দাবি মেনে নেওয়া হয়।
কিন্তু পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও দুর্নীতির কারণে তা বাস্তবায়িত হয়নি বলে বক্তারা অভিযোগ করেন।
দ্রুত দাবি না মানা হলে পরবর্তীতে যশোরের ঝিকরগাছা সেতুতে অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩৫৭ ঘ.
bdnews24