ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বঙ্গবন্ধু কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কারিগরি শিক্ষক সমিতির সভাপতি মো. শাহজাহান আলম সাজুকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারি কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব করা হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে তাকে তিন বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার তিনি এ দায়িত্ব নেন।
সাজু বাংলাদেশ শিক্ষক-কর্মচারি ঐক্য পরিষদের অন্যতম আহ্বায়ক।
দেশের এমপিওভুক্ত (সরকারি মাসিক অনুদান প্রাপ্ত) প্রায় ২৫ হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারির কল্যাণে নিয়োজিত শিক্ষক-কর্মচারি কল্যাণ ট্রাস্ট শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান।
পদাধিকার বলে এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হন শিক্ষা সচিব এবং ভাইস চেয়ারম্যান হন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএইচ/২২৪৫ ঘ.
bdnews24