২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হেরোইন, গোপালগঞ্জ ও দিনাজপুরে ফেনসিডিল আটক

যশোর উপশহর এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে দু' কেজি ছয়শ' গ্রাম হেরোইন উদ্ধার এবং সন্দেহভাজন এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর চেচানিয়া কান্দি ব্রিজের পাশ থেকে বস্তাভর্তি এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 04:26 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর উপশহর এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে দু' কেজি ছয়শ' গ্রাম হেরোইন উদ্ধার এবং সন্দেহভাজন এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর চেচানিয়া কান্দি ব্রিজের পাশ থেকে বস্তাভর্তি এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দিনাজপুর সদর উপজেলার উলিপুরে এক হাজার বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার ও এক মহিলাকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: যশোর: র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক রায়হান আসগর খান জানান, ক্যাপ্টেন মাসুদ পারভেজ এবং সহকারী পুলিশ সুপার আবুল হোসেন এর নেতৃত্বে র‌্যাব-১ এর একটি দল যশোর উপশহর এলাকার এ ব্লকের ১৭৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে আড়াই কেজি হেরোইন উদ্ধার করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মফিজুর রহমান (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব কর্মকর্তা জানান, বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে এই হেরোইন এসেছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা। গোপালগঞ্জ: গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. হায়দার আলী খান জানান, ঈদ ও পূজা সামনে রেখে মাদক বিক্রেতারা মাইক্রোবাসে করে ফেনসিডিল নিয়ে আসছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা এগুলো ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে। দিনাজপুর: দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, বৃহস্পতিবার সকালে মেজর আলমগীর ইসলাম র‌্যাব-৫ এর একটি দল দিনাজপুরের ফুলবাড়ী থেকে প্রায় ৪০ কিলোমিটার ধাওয়া করে সদর উপজেলার উলিপুরে একটি প্রাইভেটকার আটক করে। প্রাইভেটকার তল্লাশি করে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিল পাচারের অভিযোগে আটক করা হয়েছে ঢাকার বাসিন্দা ফাহিমা আক্তার রিপি ও চালক মানিককে। এ ব্যাপারে কোতয়ালি থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৯ ঘ.