বরগুনা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাগরে মাছ ধরার সময় জলদস্যুদের হাতে অপহৃত বরগুনার ১৬ জেলে মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে।
জুলফিকার, রাজু ও আব্বাস বাহিনীকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তারা দস্যুদের সুন্দরবনের আস্তানা থেকে পাথরঘাটায় ফিরে আসে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান মাঝি।
বাগেরহাটের শরণখোলার নারিকেলবাড়িয়া, ফেয়ারওয়ে বয়া, চান্দেশ্বর ও দরজাল খার সংলগ্ন সাগরে মাছ ধরার সময় বিভিন্ন সময় এদের অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে যায় জলদস্যুরা।
ফিরে আসা জেলেদের মধ্যে আছেন- পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়ার আজিজুল হক, বড় টেংরার ইব্রাহিম, তাফাবাড়িয়ার সগির হোসেন, কামরুল ইসলাম, শাহাদাত হোসেন, হারুন মাতুব্বর, কাঠালতলীর গোলাম মোস্তফা মাঝি, হোগলাপাশার হাবিব মাঝি ও ঘুটাবাছা গ্রামের শামসুল হক।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান মাঝি জানান, চাঁদা না দেওয়ায় সোমবার দিবাগত রাত ২টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জুলফিকার ও আব্বাস বাহিনী মজিবর কবিরাজ ও মন্নান চাপরাশীর ট্রলারসহ ৩০টি ট্রলারে হানে দিয়ে পাঁচ লক্ষাধিক টাকার মাছ, জাল, জ্বালানি তেল ও ইঞ্জিনের যন্ত্রাংশ নিয়ে যায়।
ডাকাতরা যাওয়ার সময় ৩০ টি ট্রলারের ৩০ জেলেকে অপহরণ করে নিয়ে যায় এবং ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শনিবার রাতে রাজু বাহিনীর সদস্যরা আরো ১২ জেলেকে অপহরণ করেছিল।
ফিরে আসা জেলেরা জানান, জলদস্যুদের আস্তানায় আরো ২০/২৫ জন জেলেকে মুক্তিপণের জন্য আটকে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৮ ঘ.
bdnews24