জাবি, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে কীটতত্ত্ব গবেষণাগার 'ইনসেক্ট রিয়ারিং অ্যান্ড এক্সপেরিমেন্টাল ষ্টেশন (আইআরইএস)' উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার।
উদ্যোক্তারা জানান, এটিই বাংলাদেশের প্রথম ল্যাব যেখানে কীটতত্ত্ব নিয়ে গবেষণা হবে।
জাবি'র জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির প্রধান অতিথি হিসেবে আইআরইএস গবেষাণাগারের উদ্বোধন করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, "এই ল্যাব বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি ও কীটতত্ত্ব গবেষণায় ভূমিকা রাখবে। এখানকার গবেষণা আন্তর্জাতিক মানের হবে।"
আইআরইএস ল্যাবের অন্যতম উদ্যোক্তা কবিরুল বাশার জানান, আইআরইএস ল্যাবে কৃষিতে পোকামাকড় ও তার প্রতিকার এবং মশা ও মশাবাহিত রোগ দমন বিষয়ে গবেষণা হবে। এছাড়া পোকা দিয়ে পোকা দমন ও ভেষজ উপায়ে মশা দূরীকরণের উপর ব্যাপক গবেষণা হবে।
ইতোমধ্যে এই ল্যাবে সাভার এলাকার ২৩ প্রজাতির মশা, ১০০ টি গাছের প্রজাতি ও জট্রোপা, নীম ও চালকুমড়ার পাতা দিয়ে মশা দূরীকরণের গবেষণা শুরু হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. টুনো নবুকো।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ল্যাবের উদ্যোক্তা প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুস ছালাম, জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আবুল খায়ের, বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. আবদুল্লাহেল বাকী, কবিরুল বাশার, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এর পরিচালক ড. সাইদুল ইসলাম, ড. নুরুন্নবী চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএসবি/২০১৪ ঘ.
bdnews24