ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিনের ব্যবধানে রাজধানীর মিরপুর এলাকায় আরও একজন ট্যাক্সিক্যাব চালক খুন হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে মিরপুর ৬ নম্বর সেক্টরে ছিনতাইকারীদের ছুরির আঘাতে নিহত হন নুরুজ্জামানের (৩০) নামের এক ট্যাক্সিক্যাব চালক।
এ ঘটনায় পুলিশ গুলিবিদ্ধ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং হলুদ রংয়ের একটি ট্যাক্সিক্যাব (ঢাকা মেট্রো প ১১-৫০১৩) উদ্ধার করেছে।
এর আগে মঙ্গলবার রাতে মিরপুর বেড়িবাঁধ এলাকায় এক চালককে খুন করে একটি ট্যাক্সিক্যাব ছিনতাই করে দুর্বৃত্তরা।
বুধবার নিহত নুরুজ্জামানের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তিনজন যাত্রীবেশী ছিনতাইকারী নুরুজ্জামানের গাড়িটি ভাড়া নেয়। গাড়িটি মিরপুর ৬ নম্বর সেক্টরে পৌঁছালে তারা নুরুজ্জামানকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি চিৎকার করেন।"
তিনি আরও বলেন, "তার চিৎকারে ঘটনাস্থলের পাশে থাকা পুলিশ ছুটে গেলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ করেও গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইমরান নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।"
ওসি মালেক জানান, পুলিশ ট্যাক্সিক্যাব চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/এসএইচ/১৯৩৬ ঘ.
bdnews24