২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধান্ত পর্যালোচনার আবেদন 'বঞ্চিত' চারশ' কর্মকর্তার

প্রশাসনের ৪৯৪ কর্মকর্তার একযোগে পদোন্নতির পরের নয় দিনেই 'বঞ্চিত' চারশ' কর্মকর্তা তাদের বিষয়ে সরকারি সিদ্ধান্ত পর্যালোচনার জন্য রিভিউ কমিটিতে আবেদন করেছে। ঈদের আগে এ আবেদনকারীর সংখ্যা পাঁচশ' ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ৪৯৪ কর্মকর্তার একযোগে পদোন্নতির পরের নয় দিনেই 'বঞ্চিত' চারশ' কর্মকর্তা তাদের বিষয়ে সরকারি সিদ্ধান্ত পর্যালোচনার জন্য রিভিউ কমিটিতে আবেদন করেছে। ঈদের আগে এ আবেদনকারীর সংখ্যা পাঁচশ' ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গত ৭ সেপ্টেম্বর ওই কর্মকর্তাদের পদোন্নতির পরদিনই পদোন্নতি না পাওয়ারা মন্ত্রিপরিষদ সচিব ও সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) প্রধান এম আবদুল আজিজ ও সংস্থাপন সচিব ইকবাল মাহমুদের সঙ্গে দেখা করে তাদের বঞ্চনার কথা জানান। একই সঙ্গে তারা বিষয়টি পুনর্বিবেচনার জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করেন। তখন ওই শীর্ষ দুই কর্মকর্তা তাদের রিভিউ কমিটিতে আবেদনের পরামর্শ দেন। এরপর তারা আবেদন করতে শুরু করেন। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদনকারীদের একজন ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব জয়ন্তী বিশ্বাস। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "১৯৮৪ ব্যাচের অনেক কর্মকর্তা এবার যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেয়েছেন। বেশিরভাগ কর্মকর্তাই বর্তমানে উপ-সচিব। "কিন্তু এবারও পদোন্নতির তালিকায় নাম না থাকায় পদোন্নতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করেছি। কেন পদোন্নতি হয়নি, সে ব্যাপারে কিছুই জানি না।" '৮২ সালের বিশেষ ব্যাচের কর্মকর্তা উপ-সচিব ওয়ালিউর রহমান বলেন, "১৯৮২ ব্যাচের বেশিরভাগ কর্মকর্তাই বর্তমানে অতিরিক্ত সচিব। অনেকে যুগ্ম-সচিব হয়েছেন। কিন্তু যোগ্যতা ও দক্ষতা থাকার পরও একই ব্যাচের প্রায় ৪০-৪৫ জন কর্মকর্তা এখনও উপ-সচিব রয়ে গেছেন। "যোগ্যতা ও দক্ষতা থাকার পরও কেন পদোন্নতি হয়নি বা হচ্ছে না- তা জানি না। তবে রাজনীতি করিনি আর করবোও না। রাজনীতি করলে জোট সরকারের সময়ই পদোন্নতি বাগিয়ে নিতে পারতাম। বঞ্চিত হতে হতো না।" প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা বঞ্চিত- এটা বলা যাবে না। অনেকের বিরুদ্ধেই অভিযোগ আছে, বিভাগীয় মামলা আছে। "কারও পদোন্নতির যথাযথ নম্বর নেই। আবার কারও এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) খারাপ। এসব কারণেই অনেকে বাদ পড়েছে। তাদের আবেদন সংস্থাপন মন্ত্রণালয় বিবেচনা করে দেখছে।" সব আবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বঞ্চিত কর্মকর্তাদের আবেদন সংস্থাপন মন্ত্রণালয় যাচাই-বাছাই ও পরীক্ষা করে দেখছে। তেমন কোনও বঞ্চনার ঘটনা থাকলে সরকার বিবেচনা করবে। ৭ সেপ্টেম্বর যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ৬০ জন, উপ-সচিব থেকে যুগ্ম-সচিব পদে ১৬৩ জন এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপ-সচিব পদে ২৭১ জনকে পদোন্নতি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এসএইচ/২১৩২ ঘ.