ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে গরুবোঝাই দু'টি ট্রাকের সংঘর্ষে বুধবার তিনজন নিহত হয়েছে। একইদিন গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে দু'জনের এবং কক্সবাজার ও সাতক্ষীরায় বাস ও মাইক্রোবাস চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলার জামতলী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনায় তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
এরা হলেন- বগুড়ার মহাস্থানগড় এলাকার সহিদার রহমান (৩৩), মানিক (৩৫) ও বেলাল হোসেন (৩০)।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রংপুর থেকে গরু বোঝাই একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে জামতলী এলাকায় দাঁড়িয়ে ছিল। ভোর ৬টার দিকে
গরু বোঝাই আরেকটি ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ সময় ৭টি গরুও মারা যায়।
লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
গাজীপুর: সদর উপজেলার সালনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় দু'জন নিহত ও অন্তত ১২জন আহত হয়েছে।
নিহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে আটজনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, দুপুর আড়াইটায় ময়মনসিংহগামী পশু খাদ্য বোঝাই একটি ট্রাকের সঙ্গে শেরপুর থেকে ঢাকাগামী একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে দু'জন নিহত হয়।
এ দুর্ঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল বলেও তিনি জানান।
কক্সবাজার: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় মাইক্রোবাসের চাপায় মহিন মিয়া (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মহিন স্থানীয় পশ্চিম লারপাড়া এলাকার নুরুল আলমের ছেলে।
কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন জানান, সকাল ১০টার দিকে শিশুটি বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায়।
লাশ ও আটক মাইক্রোবাসটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায় দুপুরে বাস চাপায় নিহত হয়েছে মেহেদী হাসান (৭)।
মেহেদী বিনেরপোতা এলাকার শহিদুল ইসলামের ছেলে। সে ঢালিথা প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।
সদর থানার উপ-পরিদর্শক মনোয়ারা খাতুন জানান, দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, এ ঘটনায় মেহেদীর বাবা শহিদুল ইসলাম থানায় একটি মামলা দায়ের করেছেন। যশোরের কেশবপুর থানা পুলিশ বাস, চালক ও তার সহয়োগীকে আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০২৫ ঘ.
bdnews24