২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর নামে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নামে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করতে চাইলে প্রধানমন্ত্রীর অনুমতি নিতে হবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 12:31 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নামে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করতে চাইলে প্রধানমন্ত্রীর অনুমতি নিতে হবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ব্যক্তিগত ফায়দা হাসিলে কেউ কেউ প্রতিষ্ঠানের সঙ্গে বঙ্গবন্ধুর নাম যুক্ত করছেন বলে অভিযোগ রয়েছে। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের নামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা) প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজনীয় কাগজপত্রসহ শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় আবেদনপত্র পরীক্ষা করে সরকার প্রধানের অনুমোদনের জন্য পেশ করবে। শুধু সরকার প্রধানের অনুমতি নিয়েই নামকরণ করা যাবে। আদেশে আরও বলা হয়, চার জাতীয় নেতা, সাত বীরশ্রেষ্ঠ, ভাষা শহীদ এবং জাতীয়ভাবে স্বীকৃত জীবিত নেতাদের নামে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাইলেও একই প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নানা ধরনের সুযোগ-সুবিধা আদায়ের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় নেতাদের নামে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়। "এ সব করে অবৈধভাবে সরকারি অনুদান (এমপিওভুক্তি) আদায়সহ নানা ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করা হয়। তাছাড়া যত্রতত্র জাতীয় নেতাদের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করাটাও বেমানান। এ সব কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" বর্তমানে ব্যক্তি নামে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিতে হয়। তবে বঙ্গবন্ধু কিংবা জাতীয় নেতাদের নামে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে কোনও অর্থ দিতে হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৮২২ ঘ.