ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যাচেষ্টার অভিযোগে এক র্যাব কর্মকর্তার বিরুদ্ধে বুধবার মামলা হয়েছে। ঢাকার হাকিম আদালত অভিযোগ গ্রহণ করে এর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে।
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকার ফলের দোকানি মো. আমির আলী মীর দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন।
বাদির অভিযোগ, তার ভাগ্নেকে হত্যার চেষ্টা চালায় র্যাব-৩ এর কর্মকর্তা পুলিশের সহকারী কমিশনার নূরুজ্জামান।
মামলায় অজ্ঞাতনামা কয়েকজন পুলিশক সদস্যকেও আসামি করা হয়েছে।
হাকিম জুলফিকার হায়াত শুনানি শেষে অভিযোগ গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
বাদি মামলার আরজি এবং আদালতে জবানবন্দিতে বলেন, গত ৭ সেপ্টেম্বর দুপুর ২টায় অভিযুক্ত নূরুজ্জামান ফল কেনার জন্য তার পাশের দোকানে আসেন। ওই দোকানের মালিক বাদির ভাগ্নে লুৎফর রহমান।
আমির বলেন, "লুৎফর রহমানের কাছে ২ কেজি মালটা ও আধা কেজি আনার কিনতে চান নুরুজ্জামান। আধা কেজি আনারের জায়গায় ১০০ গ্রাম বেশি হলে ১০০ গ্রামের দাম না দিয়েই তিনি চলে যেতে যান। এ সময় কথাকাটির এক পর্যাযে লুৎফরকে চড় মারেন নূরুজ্জামান।
"ওই সময় আমরা অন্য দোকানিরা এগিয়ে এলে নূরুজ্জামান তার পরিচয়পত্র বের করে বলেন, তোরা জানিস আমি কে? আমি তোদের বাবা। আমার সঙ্গে বেয়াদবি করার মজা দেখিয়ে দিচ্ছি।"
নূরুজ্জামান এরপর লুৎফরকে মারতে থাকেন এবং ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানে তুলে নিয়ে যান বলে আমির আলী অভিযোগ করেন।
তিনি বলেন, পরে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে লুৎফরের হাত-পা ভাঙা অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে র্যাব কর্মকর্তা নূরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার এজাহারের কপি না দেখা পর্যন্ত আমি কিছু বলতে পারব না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24