চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ অস্ত্র রাখার অভিযোগে কামাল হোসেন নামে এক ব্যক্তিকে ১৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত কামাল হোসেনের বাড়ি নোয়াখালীর সদর থানার বারৈপুর গ্রামে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় অস্ত্র রাখার দায়ে ১০ বছর এবং গুলি রাখার দায়ে সাত বছর দণ্ড দিয়েছেন বিচারক। উভয় সাজা একত্রে কার্যকর হবে বলে তিনি জানান।
মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ১৩ অক্টোবর সাতকানিয়া মধ্য রামপুর কমিউনিটি সেন্টার এলাকা থেকে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড কার্তুজসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়ার সময় কামালকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এইচএ/২৩১০ ঘ.
bdnews24