২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে লুটের মাল ও অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ডাকাতি করে পালানোর সময় মঙ্গলবার ভোররাতে লুটের মাল ও ধারালো অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালীগঞ্জে গ্রেপ্তার করা হয়েছে ট্রেনের ছাদ থেকে যাত্রীদের সর্বস্ব কেড়ে নিয়ে নিচে ফেলা দেওয়া চক্রের তিন সদস্যকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 02:31 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় ডাকাতি করে পালানোর সময় মঙ্গলবার ভোররাতে লুটের মাল ও ধারালো অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালীগঞ্জে গ্রেপ্তার করা হয়েছে ট্রেনের ছাদ থেকে যাত্রীদের সর্বস্ব কেড়ে নিয়ে নিচে ফেলা দেওয়া চক্রের তিন সদস্যকে। পুলিশ জানায়, ভোররাত ৪টার দিকে শ্রীপুর উপজেলার বেরাইদের চালা গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে হানা দেয় একদল ডাকাত। দেলোয়ার ডাকাতদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে শ্রীপুর থানায় ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- বাবুল (৪২), কাশেম (২৬), নজরুল (৩০), মেহেদী হাসান (৩২), জামান (৫২), হযরত আলী (৫০) ও আলম (২৮)। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ডাকাতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন সেট, স্বর্ণালংকার, নগদ পাঁচ হাজার ২৫০ টাকা, দুটি রাম দা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। অপরদিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়ালের নেতৃত্বে পুলিশের টহল দল কালীগঞ্জের বড় নগর এলাকা থেকে সোমবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলামিন ওরফে হিরু ওরফে মফিজ, মহব্বত ওরফে শামিম ও রমজান আলী। ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, গ্রেপ্তারকৃতরা সোমবার রাতে চট্টগ্রাম মেইলের ছাদে এক যাত্রীকে ছুরিকাঘাত করে তার কাছ ৩০০ টাকা ছিনিয়ে নেয়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছেন, তাদের ৭ সদস্যের একটি সংঘবদ্ধ দল রয়েছে। ঢাকা-ভৈরব এবং ঢাকা-ময়মনসিংহগামী ট্রেনের ছাদে ভ্রমণকারী যাত্রীদের গলায় গামছার ফাঁস দিয়ে এবং ছুরিকাঘাত করে মালামাল ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে ফেলে দেয় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৮ ঘ.