নওগাঁ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর রাণীনগর উপজেলার মধুপুর গ্রাম থেকে সোমবার রাতে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
পুলিশ জানিয়েছে, জিয়াউল হক হকু ওরফে হকুজিয়া (৩৫) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল লাল পতাকা) সদস্য। তার বিরুদ্ধে রাণীনগর থানায় দুটি হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে।
রাণীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, সোমবার রাত ১১টায় রাজশাহী র্যাব-৫ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) বেলাল হোসেনের নেতৃত্বে র্যাব সদস্যরা মধুপুর গ্রামের সবদুল আলীর বাড়ি থেকে তার মেয়ে জামাই হকুজিয়াকে আটক করে। পরে বাড়ি তল্লাশি করে শোবার ঘরের বিছানার নিচ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার করে।
এসআই জানান, গ্রেপ্তারকৃত হকু জিয়া উপজেলার ক্ষুদ্রবেলঘরিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন হত্যা মামলাসহ দুটি হত্যা এবং দুটি মারপিটের মামলা রয়েছে।
তিনি জানান, হকুজিয়াকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৫ ঘ.
bdnews24