বাগেরহাট, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামে সোমবার রাতে এক ব্যক্তিকে হত্যা করেছে প্রতিপক্ষ।
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল গ্রামে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে একজনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট: নিহতের নাম আব্দুল আউয়াল খান (৩৫)। তিনি শারীরিক প্রতিবন্ধী।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী খোকন হাওলাদার (৩৪) ও তার স্ত্রী হোসনে আরার (৩০) সঙ্গে রাত ৮টার দিকে প্রতিবন্ধী আউয়ালের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে খোকন ও তার স্ত্রী হোসনে আরা ক্ষিপ্ত হয়ে আউয়ালকে ধাক্কা দেয়। তিনি রাস্তার পাশে কাঁটাতারের ওপর পড়ে জখম হন এবং ঘটনাস্থলেই মারা যান। তার দুই হাত অকেজো। ঘটনার পর ঘাতকরা এলাকা ছেড়ে পালিয়েছে বলে ওসি জানান।
মঙ্গলবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী হেনা আরা বেগম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় খোকন হাওলাদার ও তার স্ত্রী হোসনে আরার বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
ঝিনাইদহ: নিহতের নাম বেল্লাল হোসেন (২৮)। মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. মতিয়ার রহমান জানান, সোমবার রাতে বেল্লাল হোসেন নারিকেলবাড়িয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে পাশ্ববর্তী মাঠে নিয়ে কুপিয়ে হত্যা করে। তারপর লাশ ফেলে রেখে যায়।
ওসি জানান, নিহত ব্যক্তি দাদন ব্যবসায়্ ীছিলেন। বিভিন্ন জনের কাছে তার ৩ -৪ লাখ টাকা লগ্নি আছে। প্রাথমিক তদন্তে পুলিশ হত্যাকাণ্ডের কারণ জানতে পারেনি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭১৮ ঘ.
bdnews24