২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আধুনিকায়ন হবে: সংসদে মন্ত্রী

ভূমিকম্প ও সুনামির মতো দুর্যোগ মোকাবেলায় দেশের চারটি ভূমিকস্প পর্যবেক্ষণ কেন্দ্রের আধুনিকায়ন হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 08:07 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিকম্প ও সুনামির মতো দুর্যোগ মোকাবেলায় দেশের চারটি ভূমিকস্প পর্যবেক্ষণ কেন্দ্রের আধুনিকায়ন হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। সাংসদ নিলুফার চৌধুরী মনির অনুপস্থিতিতে তহুরা বেগমের উপস্থাপিত প্রশ্ন ও সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুনামি ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রের হাওয়াই এ সুনামি সতর্কীকরণ কেন্দ্রের আওতায় ভারত মহাসাগরীয় সুনামি সতর্কতা পদ্ধতির সদস্য হওয়া এবং চট্টগ্রামের মেরিন একাডেমির কাছে সামুদ্রিক সতর্কতা বিষয়ক তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা। মঙ্গাপীড়িত এলাকায় কর্মসংস্থানের প্রকল্প : সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, "আগামী অক্টোবর ও নভেম্বর মাসে মঙ্গাপীড়িত ও নদী ভাঙন কবলিত এলাকায় অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য একটি প্রকল্প চালু করা হবে। "আইলা ক্ষতিগ্রস্ত এলাকায়ও ওই প্রকল্পের আওতায় অতি দরিদ্র মানুষের সহায়তা দেওয়া হবে। এজন্য সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দ করবে।'' ৮১৬টি সাইক্লোন শেল্টার নির্মাণ : সাংসদ মীর শওকাত আলী বাদশার এক প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক জানান, উপকূলীয় এলাকায় সরকার ৮১৬টি সাইক্লোন শেল্টার (ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র) নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে বৈদেশিক সাহায্য পাওয়ার চেষ্টা চলছে। বৈদেশিক সাহায্য পেতে দেরি হলে নিজস্ব অর্থায়নে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন শুরু করা হবে বলে মন্ত্রী জানান। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান-২০০৯ এর খসড়া: সাংসদ তাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতীয় পর্যায়ে 'বাংলাদেশ জলবায়ু পরিবর্তন স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান-২০০৯' এর খসড়া চূড়ান্ত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/কেআরসি/এফএফ/এমআই/১৪২০ ঘ.