সাতক্ষীরা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ মামলায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল ইসলামকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এসএম রেজানুর রহমান সোমবার এ আদেশ দেন।
এর আগে দিদারুল ইসলাম এই মামলায় জামিনের জন্য হাইকোর্টে গেলে তাকে নিু আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী তিনি সোমবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তা নামঞ্জুর হয়।
মামলার নথি থেকে জানা যায়, কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের এক প্রতিবন্ধী মেয়ে (১৬) দিদারুল ইসলামের ভাই সিরাজুল ইসলামের বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। তাদের বাড়িতে কাজ করার এক পর্যায়ে মেয়েটি অন্তঃস্বত্তা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে তার গর্ভের সন্তান জোর করে নষ্ট করা হয়।
চলতি বছরের ৯ মে তারিখে মেয়েটির বাবা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
মামলার অপর আসামিরা হলেন- চেয়ারম্যানের ভাই সিরাজুল ইসলাম, ভাইপো মোস্তাহিম বিল্লাহ বাচ্চু, গ্রাম পুলিশ আলমগীর হোসেন, নুরুল ইসলাম ও গোপাল তরফদার।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, এ মামলার আসমি মোস্তাহিম বিল্লাহ বাচ্চু দেড়মাস আগে আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া অপর আসামিরা জামিন নিয়েছে কি না তার জানা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24