২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে সংঘর্ষে পুলিশসহ আহত ৫০, ফাঁকা গুলি-কাঁদানে গ্যাস নিক্ষেপ

নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণকে কেন্দ্র করে সোমবার দুপুরে আন্দোলনরত এলাকাবাসীর সঙ্গে চেয়ারম্যানের লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

নীলফামারী, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণকে কেন্দ্র করে সোমবার দুপুরে আন্দোলনরত এলাকাবাসীর সঙ্গে চেয়ারম্যানের লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চার ঘণ্টা দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় নীলফামারী-ডোমার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাউন্ড ফাঁকা গুলি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এলাকায় উত্তেজনা চলছে। পরিস্থিত নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। নীলফামারীর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট এএসপি (সদর সার্কেল) সাহাবুদ্দীন জানান, দু'পক্ষের সংঘর্ষ এড়াতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রশিদুল মোন্নাফের নেতৃত্বে তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের উপস্থিতিতেই দু'পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম, নীলফামারী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী রাসেল, এসআই আমির হামজা, নায়েক আব্দুর রাজ্জাক, কনস্টেবল মাসুদুর রহমান, আশরাফুর ইসলাম ও রেজাউল ইসলাম, পলাশবাড়ি গ্রামের সুশীল চন্দ্র রায় (৩৫), ধনেস্বর রায় (৩৮), জ্ঞানদাস, কানাইকাটা গ্রামের আসাদুর রহমান (৩৫), আব্দুর রহমানসহ (৩৯) কমপক্ষে ৫০জন আহত হন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ দুপক্ষকে ছত্রভঙ্গ করতে ৩০ রাউন্ড ফাঁকা গুলি এবং ৩৮ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বলে এএসপি জানান। তিনি জানান, এ ঘটনায় কানাইকাটা গ্রামের মজির উদ্দীনের ছেলে হামিদুল হক (৪৫) ও পলাশবাড়ি গ্রামের ধীরেন্দ্র নাথের ছেলে নারায়ণ চন্দ্র রায়কে (২০) আটক করা হয়েছে। এলাকাবাসী জানায়, পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ ভবন পলাশবাড়ি বাজার থেকে বালাপাড়া শ্মশানঘাট এলাকায় স্থানান্তরের প্রতিবাদ জানায় এলাকাবাসী। তারা এক মাস ধরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, নীলফামারী-ডোমার সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। বৃহস্পতিবার নির্মাণাধীন ভবন এলাকা থেকে বিভিন্ন নির্মাণসামগ্রী চুরির অভিযোগে ৩৫ জনকে আসামি করে থানায় মামলা করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই মামলায় গ্রেপ্তার করা হয় চারজনকে। এর মধ্যে সোমবার সকালে পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজুল ইসলাম প্রামাণিকের ছেলে শিপন ইউপি সদস্য বিমল চন্দ্র রায়কে পেটান। এই ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা নিয়ে চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করতে গেলে সংঘর্ষ বেধে যায়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদ ভবন স্থানান্তর এবং ইউপি সদস্যকে পেটানোর প্রতিবাদে সোমবার দুপুর সোয়া ১টার দিকে শত শত মানুষ লাঠিসোটা নিয়ে চেয়ারম্যানের বাড়ির দিকে ছুটে যায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২২ ঘ.