বাগেরহাট, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া টহল ক্যাম্পের তিন কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
রোববার রাতে বাগেরহাটের মংলা থানায় মামলাটি হয়। পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
আসামিরা হলেন- সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া টহল ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা নুরুজ্জামান, একই ক্যাম্পের নৌকা চালক শওকত আলী ও বন প্রহরী আবুল হাসেম এবং মংলা শহরের বালিয়ারমঠ এলাকার মুজিবর রহমান (৪০) ও রুনা বেগম (৩৩)।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদীর (৩০) বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার বরকমরপুর গ্রামে।
বাদী অভিযোগ করেছেন, মুজিবর ও রুনা বেগমের সঙ্গে পরিচয়ের সূত্রে চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া টহল ক্যাম্পে রান্নার কাজ পান তিনি। একদিন দুপুরে ওই ক্যাম্পের ইনচার্জ নুরুজ্জামান তাকে ধর্ষণ করে। এরপর থেকে তিনি প্রায় তাকে ধর্ষণ করে আসছিলেন।
চলতি মাসের প্রথম দিকে তিনি এক মাঝির সহযোগিতায় ক্যাম্প থেকে পালিয়ে আসেন। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তিনি।
ওসি জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ৩০ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। উপ-পরিদর্শক (এসআই) শওকত হোসেনকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি মুখে মুখে শুনেছি তবে ক্ষতিগ্রস্তের কাছ থেকে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫১ ঘ.
bdnews24