২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা ও পূর্বাচল প্লট বরাদ্দের লটারির ড্র শিগগির

উত্তরা ও পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের লটারির ড্র আসন্ন ঈদুল ফিতরের আগে সম্ভব না হলে পরপরই শুরু হবে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রাথমিক পর্যায়ে আগামী ১৬ সেপ্টেম্বর চার ক্যাটাগরির লটারির ড্র অনুষ্ঠানের প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা। তবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এখনও তারিখ চূড়ান্ত করেনি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 12:20 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরা ও পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের লটারির ড্র আসন্ন ঈদুল ফিতরের আগে সম্ভব না হলে পরপরই শুরু হবে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রাথমিক পর্যায়ে আগামী ১৬ সেপ্টেম্বর চার ক্যাটাগরির লটারির ড্র অনুষ্ঠানের প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা। তবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এখনও তারিখ চূড়ান্ত করেনি। রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার দুপুরে বলেন, "রাজউকের পক্ষ থেকে ১৬ সেপ্টেম্বর লটারির ড্র অনুষ্ঠানের প্রস্তুতি শেষ করা হয়েছে। তবে এখনও মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় বিষয়টি চূড়ান্ত করা সম্ভব হয়নি। "সোমবার রাতেই এ বিষয়টি চূড়ান্ত হতে পারে।" তবে ১৬ সেপ্টেম্বর লটারির ড্রয়ের দিন চূড়ান্ত না হলে ঈদের পরপরই তা হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, বুধবারের লটারির জন্য প্রাথমিকভাবে চারটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিল্পী, বিচারপতি ও বিচারক, মুক্তিযোদ্ধা ও প্রবাসী রয়েছেন। গোলাম কিবরিয়া বলেন, "অন্য ক্যাটাগরির লটারির ড্রও ঈদের পরপরই করার উদ্যোগ নেওয়া হবে। ড্রতে যারা প্লট পাবেন না তাদের টাকা দ্রুত ফেরত দেওয়া হবে।" এর আগে সরকারী প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় কমিটি সুপারিশ করেছিলো, যারা প্লট পাবেন না তাদের যেন সুদসহ টাকা ফেরত দেওয়া হয়। তবে রাজউক এ ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েছে তা জানা যায়নি। রাজউকের তথ্য অনুযায়ী, মোট ১৩ টি ক্যাটাগরিতে পূর্বাচল প্রকল্পে এক লাখ ২৩ হাজার এবং উত্তরা প্রকল্পে ৪২ হাজার আবেদন জমা পড়েছে। উত্তরা তৃতীয় পর্বে আটশ' ও পূর্বাচল প্রকল্পে আট হাজার প্লট আছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় গত বছরের ২৫-২৬ নভেম্বর পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে উত্তরা ও পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়। প্রথমে আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয় গত বছরের ১৮ ডিসেম্বর। পরে আবেদনপত্র জমা নেওয়ার নির্ধারিত সময় বাড়িয়ে ১৫ জানুয়ারি নির্ধারণ করা হয়। এরপর আবারও সময় বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এজে/এএনএস/এসএইচ/১৮৩৮ ঘ.