ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যানজট নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদে বলেছেন, "যানজটের কারণে প্রধানমন্ত্রীর গাড়িবহরও আটকে যায়।
"ঢাকা শহরে এক কোটি ২০ লাখেরও বেশি লোক বসবাস করে। তবে, নগর পরিকল্পনায় যে পরিমাণ রাস্তার দরকার তা আমাদের নেই। ঢাকার মোট আয়তনের সাত থেকে আট শতাংশ হলো রাস্তা। কিন্তু, নগর পরিকল্পনায় ২৫ শতাংশ জায়গা রাস্তার জন্য রাখা হয়।"
জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে ৭১ বিধিতে ঢাকার যানজট নিরসনে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সালমা ইসলামের এক নোটিশের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
আশরাফ জানান, এজন্য ঢাকা সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে মন্ত্রণালয় থেকে তাগিদ দেওয়া হচ্ছে।
তবে কীভাবে এই সমন্বয় করা হবে তা তিনি উল্লেখ করেননি।
রাস্তা-ঘাটের আশেপাশে অপরিকল্পিতভাবে সিএনজি স্টেশন ও পেট্রোল পাম্প ইজারা দেওয়ার কারণেও যানজট সৃষ্টি হচ্ছে বলে মনে করেন তিনি।
আশরাফ বলেন, "একটি পরিপূর্ণ রাস্তার জন্য যে জায়গা প্রয়োজন, ঢাকাবাসী তা দিতে চায় না। আগে বনানী, গুলশান আর ধানমন্ডিতে একটা প্লটে একটা বাড়ি ছিলো।
এখন একেকটি প্লটে ১০টি বাড়ি আর ১০টি গাড়ি।"
মন্ত্রী জানান, যানজট নিরসনে সরকার দ্বিতল রাস্তা, মনোরেলসহ বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে।
ঢাকার আশেপাশের স্যাটেলাইট শহর গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/কেআরসি/আরএ/এজে/এসএইচ/১৮১৫ ঘ
bdnews24