ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনটি গ্যাস ব্লকের ইজারা ও মডেল পিএসসি- ২০০৮ বাতিলসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারকে ১৫ অক্টোবর পর্যন্ত সময় বেধে দিয়েছে বামপন্থীদের সংগঠন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
১৫ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১৬ অক্টোবর জাতীয় সম্মেলন ডেকে সেখান থেকে হরতাল, টানা কয়েকদিন অবরোধসহ পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ১৫ অক্টোবর পর্যন্ত ঢাকাসহ সারাদেশে এ দাবিতে মিছিল, সমাবেশসহ বিক্ষোভ কর্মসূচি চলবে।
এ দাবিতে সোমবার ঢাকা মহানগরীতে ছয় ঘন্টার হরতাল পালন করেছে কমিটি। প্রায় তিন বছর পরের হরতালে শাহবাগ মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত ও এর আশেপাশের এলাকাগুলোতে হরতালকারীদের অবস্থানের কারণে যান চলাচল ও দোকানপাট একেবারেই বন্ধ ছিল।
দুপুর ১২টায় পল্টন মোড়ে হরতালের সমাপ্তি ঘোষণা করেন হরতাল আহবানকারী তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। হরতাল সমাপ্তি ঘোষণার পর তিনি পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা করেন।
পল্টনের মোড়ে সমাবেশে হরতালের সমাপ্তি ঘোষণা করে শহীদুল্লাহ বলেন, "১৫ অক্টোবর পর্যন্ত পাঁচ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারকে সময় বেধে দেয়া হলো। এর মধ্যে দাবি না মেনে নিলে ১৬ অক্টোবর জাতীয় সম্মেলনের ডাক দেয়া হবে।"
এই সম্মেলন থেকে হরতাল, সমাবেশসহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানান তিনি।
কমিটির পাঁচ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে মডেল তেল-গ্যাস বণ্টন চুক্তি (মডেল পিএসসি-২০০৮) বাতিল, মডেল পিএসসি- ২০০৮ এর ভিত্তিতে কনোকো ফিলিপস ও তাল্লোকে দেওয়া তিনটি ব্লক ইজারা চুক্তি বাতিল, জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করে নতুন মডেল পিএসসি প্রণয়ন, ফুলবাড়ী চুক্তি ২০০৬'র পূর্ণ বাস্তবায়ন এবং অধ্যাপক আনু মুহাম্মদসহ অন্যান্যদের উপরে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দেয়া।
পল্টন মোড়ের সমাবেশে আরও উপস্থিত ছিলেন-মুজাহিদুল ইসলাম সেলিম, এম এম আকাশ, রাজেকুজ্জামান রতন, রুহিন হোসেন প্রিন্স, টিপু বিশ্বাস, সাইফুল হক, জোনায়েদ সাকী, বজলুর রশীদ ফিরোজ, রুহিন হোসেন প্রিন্স, সমুদ্র বিজ্ঞানী নূর মোহাম্মদ, অধ্যাপক আজমল হোসেন প্রমুখ।
হরতাল চিত্র....
পল্টন থেকে শাহবাগ পর্যন্ত এলাকায় কড়া পিকেটিং-র কারণে পল্টন, জিপিও, প্রেসক্লাব, বিজয়নগর, দৈনিক বাংলা মোড়, শাহবাগ, কাঁটাবন এসব এলাকায় যান চলাচল ও দোকানপাট বন্ধ ছিল। এমনিতেই রাস্তায় জন পরিবহন (বাস) ও ব্যক্তিগত পরিবহন (প্রাইভেট কার) চলাচল ছিল কম। রাজপথ ছিল রিকশার দখলে।
বেলা ১১ টার সময় যথারীতি শুরু হয় সংসদ অধিবেশন।
সকাল ৬টার দিকে পল্টনে জমায়েত হয় জাতীয় সম্পদ রক্ষা কমিটিভূক্ত বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মীরা। পল্টন থেকে বিভিন্ন সংগঠনের খণ্ড খণ্ড মিছিল দৈনিক বাংলা, জিপিও, প্রেসক্লাব, বিজয়নগর, কাকরাইল, মালিবাগ, মৌচাক, হাইকোর্ট ইত্যাদি এলাকা ঘুরে আবার পল্টনে এসে শেষ হয়। পল্টনে সংগঠনগুলো পৃথকভাবে খণ্ড খণ্ড সমাবেশ করে।
এছাড়া মোহাম্মদপুর টাউন হল, মিরপুর ১০ নম্বর, ভিক্টোরিয়া পার্ক, শনির আখড়া, লালবাগ, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হরতালের সমর্থনে মিছিল হয়েছে।
হরতাল চলাকালে সকাল ছয়টা ৫০ মিনিটে এবং সোয়া সাতটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে দু'টি ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করেছে হরতাল সমর্থক বিভিন্ন বাম ছাত্র সংগঠনের কর্মীরা। এরপর তারা শাহবাগ মোড়ে রাস্তার ওপর বসে যান চলাচল একবারেই বন্ধ করে দেয়। সকাল সাড়ে আটটার দিকে ছাত্র কর্মীরা দৈনিক প্রথম আলোর কিছু কপি পুড়িয়ে দেয়।
সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় থেকে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর কর্মীরা মিছিল নিয়ে মুক্তাঙ্গনের দিকে রওনা দেয়। এর পর শাহবাগ মোড়ে যান চলাচল শুরু হয়।
ভাংচুর ঠেকাতে পল্টন ও শাহবাগ মোড়ে আসার সবগুলো পয়েন্টে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। বামপন্থী কর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রিকশা ছাড়া আর কোনো যানবাহন যেতে দেয়নি। পল্টন মোড়ে তারা রিকশা চলাচলেও বাধা দেয়।
পল্টন মোড়ে উদীচীর শিল্পীরাসহ অন্যান্য শিল্পীরা প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন।
হরতালের কারণে বিমানবন্দর সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল কম ছিল। সপ্তাহের অন্যান্য দিনের মতো বিশ্বরোডের মোড়, বনানীর কাফরুল মোড়, মহাখালী আমতলী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের নিত্যদিনের যানজট ছিল না।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা দিনের প্রথমার্ধে বন্ধ ছিল।
ফার্মগেট, মগবাজার, বাংলা মোটর, মোহাম্মদপুর, মিরপুর রোড এসব এলাকায় সকালে প্রচুর মানুষকে যান বাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বাসের সংখ্যা তুলনামূলক কম ছিল। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী মানুষকে।
নিউমার্কেট, এলিফ্যান্ট রোডসহ বিভিন্ন বিপনী বিতানে কিছু দোকান খোলা থাকলেও দিনের প্রথমার্ধে ঈদ বাজারে ক্রেতা সমাগম ছিল একেবারেই কম।
আড়াই বছর পর হরতাল.....
এর আগে সর্বশেষ ২০০৭ সালের ৭, ৮ ও ৯ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত ২২ জানুয়ারির নির্বাচন বাতিলের দাাবিতে এ কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে ১৪, ১৫ ও ১৭, ১৮ জানুয়ারি অবরোধ ও ২১ ও ২২ জানুয়ারি হরতাল কর্মসূচি ঘোষণা করেন মহাজোট প্রধান শেখ হাসিনা। তবে ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর এ কর্মসূচিগুলো পালন করা হয়নি।
শান্ত পুলিশ...
হরতাল চলাকালীন পুলিশ-পিকেটার সংঘর্ষের কোনও ঘটনা ঘটেনি। হরতালকারীদের সমাবেশ ঘিরে পুলিশের শান্ত অবস্থান ছিল।
এদিকে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হরতালে নগরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। পুলিশ তাদের কর্মসূচিতে কোনরকম বাধা দেয়নি। তবে পল্টন মোড়ে রাস্তা ছেড়ে মুক্তাঙ্গনে সমাবেশ করার অনুরোধ করলেও হরতালকারীরা তা মানেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসইউএম/কিউএইচ/জিএনএ/১৫১৬ ঘ.
bdnews24