ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে সোমবার সকাল ছয়টা থেকে রাজধানীতে অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে।
তেল-গ্যাস অনুসন্ধানে সাগরবক্ষের তিনটি ব্লক বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল এবং কমিটির পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার এ কর্মসূচি ঘোষণা করা হয়।
রাজধানীতে এটি বর্তমান সরকারের আমলে প্রথম হরতাল। এর আগে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদে সেখানে স্থানীয়ভাবে হরতাল ডাকা হয়েছিল।
নগরীর পল্টন ও তার আশপাশের এলাকা এবং শাহবাগে সব ধরনের যান চলাচল বন্ধ বয়েছে। ওইসব এলাকায় হরতাল সমর্থকরা মিছিল-সমাবেশ করছে। শাহবাগে একটি যাত্রীবাহী বাসে ভাঙচুরের খবর পাওয়া গেছে। বিশৃঙ্খলা এড়াতে নগরীর বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
হরতাল চলবে বেলা ১২টা পর্যন্ত। বেলা ১২টায় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ মুক্তাঙ্গনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে দিনের কর্মসূচি শেষ করবেন।
গত ২ সেপ্টেম্বর পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলায় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ কমপক্ষে ২৩ জন আহত হয়।
সোমবার সারাদেশে বিক্ষোভ এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিও দিয়েছে জাতীয় কমিটি।
বামপন্থীদের নেতৃত্বাধীন জাতীয় কমিটির এ হরতালে প্রধান বিরোধী দল বিএনপি 'নৈতিক সমর্থন' দিলেও সরকার, সরকারী দল আওয়ামী লীগ, দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ), দোকান মালিক সমিতি ও গণতন্ত্রী পার্টি এ হরতালের বিরোধিতা করে তা প্রত্যাহারের আহবান জানিয়েছে। ক্ষমতাসীন মহাজোটের শরীক জাতীয় কমিটিভুক্ত ওয়ার্কার্স পার্র্টি এ হরতাল ডাকার সময়ই আপত্তি জানিয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জাতীয় কমিটি 'নিছক' কারণেই হরতাল ডেকেছে- মন্তব্য করে রোববার বলেন,"ঈদের আগে এ হরতাল ডাকা ঠিক হয় নি। এ কর্মসূচিতে কেউ দোকানপাট ও পরিবহন বন্ধ রাখতে চাইলে তাতে কোনো অসুবিধা নেই। পাশাপাশি যারা কার্যক্রম সচল রাখতে চায়, তাদের যাতে দুর্ভোগ না হয় সে ব্যবস্থাও নেওয়া হবে।"
সতর্ক করে দিয়ে তিনি বলেন, "কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবেলা করবে।"
ক্ষমতাসীন আওয়ামী লীগের তরফে বলা হয়েছে, এ হরতালে বিরোধী দলের ইন্ধন রয়েছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগও এর প্রতিবাদ জানিয়েছে।
রোববার বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "সমুদ্রের তেল-গ্যাস সম্পদ অন্যের হাতে তুলে দিয়ে আওয়ামী লীগ সর্বনাশা পথে এগুচ্ছে।
উস্কানি দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, "ওই সিদ্ধান্তের প্রতিবাদে দেওয়া কর্মসূচিতে আমরা নৈতিক সমর্থন দেওয়ায় সরকারের কোন কোন মন্ত্রীর আঁতে ঘা লেগেছে। তারা বলছেন, আমাদের উস্কানিতে হরতাল হচ্ছে। জাতীয় স্বার্থবিরোধী যে কোনো কর্মসূচিতে বিএনপির নৈতিক সমর্থন আছে, ভবিষ্যতেও থাকবে।''
এদিকে হরতালে রাজধানীর দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেয় ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. হেলালউদ্দিন রোববার রাতে বলেন, "সোমবার দোকান বন্ধ রাখার কোন সুযোগ নেই। কারণ ঈদের আগে মানুষ সাধারণ এসময়ই কেনাকাটা করে বেশি। এ মুহূর্তে হরতাল মানুষের জন্য কেবল দুর্ভোগই তৈরি করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/০৯০৮ ঘ.
bdnews24