২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীতে প্রথম হরতাল

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সোমবার ঢাকা মহানগরে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে। তেল-গ্যাস অনুসন্ধানে সাগরবক্ষের তিনটি ব্লক বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল এবং পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জাতীয় কমিটি এ হরতালের ডাক দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 06:13 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সোমবার ঢাকা মহানগরে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে। তেল-গ্যাস অনুসন্ধানে সাগরবক্ষের তিনটি ব্লক বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল এবং পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জাতীয় কমিটি এ হরতালের ডাক দেয়। রাজধানীতে এটি বর্তমান সরকারের আমলে প্রথম হরতাল। এর আগে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদে সেখানে স্থানীয়ভাবে হরতাল ডাকা হয়েছিল। এদিকে হরতালে রাজধানীর দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। গত ২ সেপ্টেম্বর পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলায় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ কমপক্ষে ২৩ জন আহত হয়। সোমবার সারাদেশে বিক্ষোভ এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিও দিয়েছে জাতীয় কমিটি। বামপন্থীদের নেতৃত্বাধীন জাতীয় কমিটির এ হরতালে প্রধান বিরোধী দল বিএনপি 'নৈতিক সমর্থন' দিলেও সরকার, সরকারী দল আওয়ামী লীগ, দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ), দোকান মালিক সমিতি ও গণতন্ত্রী পার্টি এ হরতালের বিরোধিতা করে তা প্রত্যাহারের আহবান জানিয়েছে। ক্ষমতাসীন মহাজোটের শরীক জাতীয় কমিটিভুক্ত ওয়ার্কার্স পার্র্টি এ হরতাল ডাকার সময়ই আপত্তি জানিয়েছিল। হরতাল সফল করার আহবান জানিয়ে রোববার রাজধানীতে মিছিল সমাবেশ করে জাতীয় কমিটি। এ দিন কমিটির একটি মিছিল মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে পল্টন, জাতীয় প্রেসক্লাব, জিরো পয়েন্ট ঘুরে আবারও মুক্তাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে কমিটির আহবায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, "কনোকো ফিলিপস আর তাল্লোকে গ্যাসক্ষেত্র ইজারা দেওয়ার অর্থ হলো শতভাগ পাচারের সুযোগ করে দেওয়া।" সমাবেশে ঘোষিত সোমবারের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬টা থেকে পল্টন মোড়সহ ঢাকা শহরে হরতাল পালন, সকাল সাড়ে ১১টায় মুক্তাঙ্গনে জমায়েত ও সমাবেশ ও ১২টায় সমাবেশে পরবর্তী দিনের কর্মসূচি ঘোষণা। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জাতীয় কমিটি 'নিছক' কারণেই হরতাল ডেকেছে- মন্তব্য করে রোববার বলেন,"ঈদের আগে এ হরতাল ডাকা ঠিক হয় নি। এ কর্মসূচিতে কেউ দোকানপাট ও পরিবহন বন্ধ রাখতে চাইলে তাতে কোনো অসুবিধা নেই। পাশাপাশি যারা কার্যক্রম সচল রাখতে চায়, তাদের যাতে দুর্ভোগ না হয় সে ব্যবস্থাও নেওয়া হবে।" সতর্ক করে দিয়ে তিনি বলেন, "কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবেলা করবে।" ক্ষমতাসীন আওয়ামী লীগের তরফে বলা হয়েছে, এ হরতালে বিরোধী দলের ইন্ধন রয়েছে। ঢাকা মহানগর আওয়ামী লীগও এর প্রতিবাদ জানিয়েছে। রোববার বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "সমুদ্রের তেল-গ্যাস সম্পদ অন্যের হাতে তুলে দিয়ে আওয়ামী লীগ সর্বনাশা পথে এগুচ্ছে। উস্কানি দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, "ওই সিদ্ধান্তের প্রতিবাদে দেওয়া কর্মসূচিতে আমরা নৈতিক সমর্থন দেওয়ায় সরকারের কোন কোন মন্ত্রীর আঁতে ঘা লেগেছে। তারা বলছেন, আমাদের উস্কানিতে হরতাল হচ্ছে। জাতীয় স্বার্থবিরোধী যে কোনো কর্মসূচিতে বিএনপির নৈতিক সমর্থন আছে, ভবিষ্যতেও থাকবে।'' এদিকে হরতালে রাজধানীর দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক মো. হেলালউদ্দিন রোববার রাতে বলেন, "সোমবার দোকান বন্ধ রাখার কোন সুযোগ নেই। কারণ ঈদের আগে মানুষ সাধারণ এসময়ই কেনাকাটা করে বেশি। এ মুহূর্তে হরতাল মানুষের জন্য কেবল দুর্ভোগই তৈরি করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএইচ/এসকে/২৩৫৫ঘ.