২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ১৪ টি ট্রলারের মাঝি অপহৃত

বঙ্গোপসাগরের সুন্দরবন মহীপুর উপকূল থেকে অন্তত ১৪টি মাছ ধরার ট্রলারের মাঝিকে অপহরণ করেছে জলদস্যুরা। শনিবার দুপুরের বিভিন্ন সময়ে তাদের মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 05:35 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বঙ্গোপসাগরের সুন্দরবন মহীপুর উপকূল থেকে অন্তত ১৪টি মাছ ধরার ট্রলারের মাঝিকে অপহরণ করেছে জলদস্যুরা। শনিবার দুপুরের বিভিন্ন সময়ে তাদের মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির কর্মকর্তা মোস্তাক আহমদ জানান, সুন্দরবন এলাকার মহীপুর উপকূলে মাছ ধরার সময় একদল জলদস্যু অন্তত ১৪টি ট্রলারে হানা দিয়ে মাঝিদের অপহরণ করে নিয়ে যায়। পরে তারা তাদের ছেড়ে দেওয়ার জন্য মুক্তিপণ দাবি করে। তিনি জানান, অপহরণের শিকার ট্রলারগুলোর মধ্যে দুটি কক্সবাজার ও অন্যগুলো বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী ও মহিপুর এলাকার। মাঝি অপহরণের শিকার ট্রলার মালিক শফি উল্লাহ সবুজ জানান, শনিবার দুপুরে চালনা বন্দরের অদূরে সুন্দরবনের কাছাকাছি এলাকায় মাছ শিকারকালে তার ট্রলারের মাঝিকে অপহরণ করা হয়। তিনি জানান, জলদস্যুরা একটি মোবাইল নাম্বার দিয়ে মাঝির মুক্তির জন্য মোটা অংকের পণ দাবি করেছে। ফিশিং বোট মালিক সমিতির কর্মকর্তা মোস্তাক আহমদ জানান, কক্সবাজারের দু'টি ফিশিং ট্রলারের মাঝি অপহরণের বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। তার ধারণা, জলদস্যুদের ভয়ে কেউ কেউ অপহরণের বিষয়টি মিডিয়ার কাছে স্বীকার করছেন না। তিনি আরও জানান, কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর জাকের উল্লাহ বহদ্দারের একটি ফিশিং ট্রলারকেও জলদস্যুরা ধাওয়া করেছিল। তারা প্রায় দেড় লাখ টাকা দামের ১০ টি জাল কেটে দিয়ে পালিয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩৫৫ঘ.