২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনার দুই জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

বঙ্গোপসাগরের মাছ ধরার সময় শনিবার রাতে বরগুনার দুটি ট্রলারের দুই জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

বরগুনা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরের মাছ ধরার সময় শনিবার রাতে বরগুনার দুটি ট্রলারের দুই জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। জলদস্যু রাজু বাহিনী বাগেরহাটের নারিকেলবাড়িয়া উপকূল থেকে তাদের অপহরণ করে নিয়ে গেছে এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছেন বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান। তিনি জানান, চাঁদা দিয়ে 'টোকেন' সংগ্রহ না করায় রাজু বাহিনীর সদস্যরা এফবি মায়ের দোয়া নামের ট্রলার থেকে পাথরঘাটার বড় টেংরা গ্রামের রিয়াজ উদ্দিন (২৮) ও এফবি মুক্তা নামের ট্রলার থেকে পাথরঘাটার কাঠালতলী গ্রামের গোলাম মোস্তফা মাঝিকে (৩০) অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে গেছে। তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে এক লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনার জন্য জলদস্যুরা ট্রলার মালিকদের জানিয়েছে। এফবি মুক্তার মালিক আবু কালাম জানান, জেলে অপহরণের পরপরই কচিখালী এলাকার বনরক্ষীরা তার ট্রলারের অন্তত ২০ হাজার টাকার মাছ নিয়ে গেছে। পাথরঘাটা উপকূলরক্ষী বাহিনী- কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. মিজানুর রহমান জানান, জেলে অপহরণ ও বনরক্ষীদের মাছ লুটের কথা তারাও শুনেছেন। জলদস্যুদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৮ ঘ.