২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র মামলা: ২৩ আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল সিআইডি

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় জামিনে থাকা ২৩ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি পেল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 03:18 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় জামিনে থাকা ২৩ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি পেল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার মহানগর ম্যাজিস্ট্রেট ফজলুল বারী এ অনুমতি দিয়েছেন। গত শুক্রবার মামলার আইও জামিনে থাকা এ ২৩ আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতির জন্য আদালতে আবেদন জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঞ্চল্যকর এ মামলার তদন্তের স্বার্থে জামিনে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বিবেচনায় বিচারক এ অনুমতি দিয়েছেন। আইও মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দ্রুতই সুবিধামত সময়ে তাদের চট্টগ্রাম সিআইডি কার্যালয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের সংরক্ষিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটি ঘাটে অস্ত্র ও গোলাবারুদের বিশাল চালানটি পুলিশ আটক করে। ঘটনার পরদিন অস্ত্র ও চোরাচালান মামলায় পৃথক দুটি মামলা হয়। অস্ত্র মামলায় ৪২ ও চোরাচালান মামলায় ৪৩ জনকে আসামি করা হয়। মামলার প্রথম আইও মামলাদুটিতে ৪২ ও ৪৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। নতুন আইও দায়িত্ব নেওয়ার পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধানসহ ৫ সাবেক কর্মকর্তা এবং সিইউএফএল এর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১৩৬ঘ.