২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মহানগরীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু ঈদের পর

আসন্ন ঈদের এক সপ্তাহ পরে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। আর সংসদের চলতি অধিবেশনে স্থানীয় সরকারের আইনগুলো পাস হলে আগামী বছরের শুরুতে ডিসিসি নির্বাচন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 02:38 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ঈদের এক সপ্তাহ পরে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। আর সংসদের চলতি অধিবেশনে স্থানীয় সরকারের আইনগুলো পাস হলে আগামী বছরের শুরুতে ডিসিসি নির্বাচন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয় সরকার (ডিসিসি) আইন পাস হলে আগামী জানুয়ারি-ফেব্র"য়ারি মাসের মধ্যেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করার পরিকল্পনা রয়েছে আমাদের। "হালনাগাদ ভোটার তালিকা না আগের তালিকা (গত বছরের) দিয়ে নির্বাচন হবে- সে বিষয়ে নির্বাচনের আগেই সিদ্ধান্ত নেয়া হবে।" আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংসদে ইসি ও স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রস্তাবিত সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আইন পাস হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। গত ৭ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। ছহুল হোসাইন বলেন, "ডিসিসি নির্বাচন এককভাবে করার কথা ভাবছি আমরা। আর মেয়াদোত্তীর্ণের আগেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নির্বাচন হবে। আগামী এপ্রিল মাসের দিকে এ নির্বাচন করার পরিকল্পনা রয়েছে আমাদের। আইন পাস হওয়ার পর নির্বাচনী বিধিমালা ও ম্যানুয়াল প্রণয়ন করেই এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।" ২০০৭ সালের ২৪ মে ডিসিসি নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ হয়। আর চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ হবে ২০১০ সালের ৯ মে। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যেই নির্বাচন করার বিধান থাকলেও ডিসিসি'র সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন করতে চায় না ইসি। প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা দিয়ে গত বছরের ৪ আগস্ট মেয়াদোত্তীর্ণ চার সিটি করপোরেশন- বরিশাল, সিলেট, রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদাও বলেছেন, ২০১০ সাল হবে স্থানীয় সরকারের নির্বাচনের বছর। তিনি বলেন, "সংসদের আগামী (তৃতীয়) অধিবেশনে বিল পাস হলে জানুয়ারিতে সিটি, পৌরসহ স্থানীয় সরকার পরিষদের নির্বাচন করা সম্ভব হবে। এ ব্যাপারে কমিশন সব প্রস্তুতি নিয়ে রেখেছে।" দেশের তিন শতাধিক পৌরসভা ও প্রায় চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন মেয়াদোত্তীর্ণ হয়ে রয়েছে। ভোটার তালিকা হালনাগাদ ছহুল হোসাইন জানান, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ডিসিসিতে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। আর ১২ অক্টোবর থেকে চলবে ছবি তোলাসহ ভোটার নিবন্ধন কার্যক্রম। নভেম্বরের মধ্যে খসড়া তালিকা প্রকাশ করার কথা রয়েছে। ২০০৭ সালের ১ ডিসেম্বর থেকে ডিসিসি এলাকায় ভোটার তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু হয়। নবম সংসদ নির্বাচনের আগে ঢাকা সিটি করপোরেশনে ৩৫ লাখেরও বেশি ভোটার তালিকাভূক্ত হন। এবার হালনাগাদ ভোটার তালিকায় ডিসিসিতে চার থেকে পাঁচ শতাংশ ভোটার বাড়তে পারে বলে মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার। এর আগে বাতিল ভোটার তালিকায় ডিসিসি'র ভোটার সংখ্যা ছিলো ৩৯ লাখ ৭৮ হাজার ৬২৭। দেশজুড়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয় গত জুন মাসে। প্রথম পর্যায়ে ১৫৪টি উপজেলা, দ্বিতীয় পর্যায়ে ১৬১টি উপজেলা ও ঢাকার ১৭টি সার্কেল ইউনিয়নে এবং তৃতীয় পর্যায়ে ১৬৬ উপজেলায় নিবন্ধন কার্যক্রম শেষ হয়। চতুর্থ পর্যায়ে ছয়টি সিটি করপোরেশনে তথ্য সংগ্রহ শুরু হবে। হালনাগাদ তালিকায় ১৯৯২ সালের ১ জানুয়ারি ও তার আগে যাদের জন্ম (১৮ বছর ও তার বেশি বয়স) তাদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এছাড়া তালিকাভুক্ত কেউ মারা গেলে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। ২০০৭ সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হয়। নবম সংসদ নির্বাচনের আগে আট কোটি ১০ লাখেরও বেশি ভোটারকে তালিকাভুক্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এসএইচ/২১০০ ঘ.