২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভের পর চাঁদপুরে সারের গুদামে পাওয়া গেল চিনি

চাঁদপুরে খুচরা ব্যবসায়ীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের পর রোববার দুপুরে একটি সারের গুদাম থেকে উদ্ধার হল প্রায় তিন হাজার বস্তা চিনি। পরে স্থানীয় আওয়ামী লীগ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে উদ্ধারকৃত চিনি খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে খুচরা ব্যবসায়ীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের পর রোববার দুপুরে একটি সারের গুদাম থেকে উদ্ধার হল প্রায় তিন হাজার বস্তা চিনি। পরে স্থানীয় আওয়ামী লীগ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে উদ্ধারকৃত চিনি খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয়। চিনি সরবরাহের দাবিতে চাঁদপুরের খুচরা ব্যবসায়ীরা শহরের নতুনবাজার এলাকায় বিক্ষোভ ও আধঘণ্টার সড়ক অবরোধ করে রাখেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন খুচরা ব্যবসায়ী জানান, গত কয়েকদিন ধরে বাজারে চিনির সরবরাহ কম থাকায় চিনির দাম বেড়ে যায়। প্রতি কেজি চিনি বিক্রি হয় ৬৫ থেকে ৭০ টাকা দরে। চাঁদপুরের শিল্প ও বণিক সমিতির নেতারা প্রশাসনকে চিনির মূল্য নিয়ন্ত্রণে রাখতে কয়েকদফা আশ্বাস দিয়েও সফল হতে পারেননি। ব্যবসায়ীরা বলেন, রোববার দুপুরে তারা নতুন বাজারের পালবাজার এলাকায় দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে জেলা আওয়ামী লীগ নেতা এবং ব্যবসায়ীদের মধ্যস্থতায় চাঁদপুরের শিল্প ও বণিক সমিতি সদস্য তমাল কুমার ঘোষ ও পরেশ চন্দ্র সাহার সারের গুদাম থেকে ২৮শ' ৪০ বস্তা চিনি উদ্ধার করে খুচরা ব্যবসায়ীদের মাঝে বিক্রি করা হয়। ৫০ কেজির প্রতি বস্তা চিনি বিক্রি করা হয় ২৪ শ' টাকায়। তমাল কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদপুর চেম্বারের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়ের অনুরোধে নতুনবাজার এলাকার ব্যবসায়ীদের পরিবহনের সুবিধার জন্য তিনি ৫ নম্বর ঘাটের সারের গুদামে চিনি তুলেছেন। চিনি মজুদ করা হয়নি। চেম্বারের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়ও দাবি করেছেন, চিনি মজুদ করা হয়নি। ঈদ ও পূজা সামনে রেখে পরিবহনের সুবিধার্থে ওই গুদামে রাখা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি গুদামে পাওয়া তিন হাজার বস্তা চিনি খুচরা ব্যবসায়ীদের মধ্যে সুলভ মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। তিনি বলেন, "চিনির বাজার স্থিতিশীল করার জন্য ব্যবসায়ী ও প্রশাসনের পাশাপাশি আমরাও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। বর্তমানে যে সংকট চলছে দু'একদিন পর তা আর থাকবে না।" চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুল কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি শুনেছি ব্যবসায়ীরা চিনির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ পাইনি। এর আগেই শেষ হয়ে যায় এবং যানবাহন স্বাভাবিকভাবে চলতে দেখা যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০৩ ঘ.