২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে যুবলীগ নেতার রিকশাস্ট্যান্ড দখল, প্রতিবাদে সড়ক অবরোধ

রংপুরের কাউনিয়া উপজেলা সদরে যুবলীগ নেতার নেতৃত্বে রিকশা স্ট্যান্ড দখলের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে রোববার কয়েকশ' রিকশা ও ভ্যানচালক রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকাল সাড়ে ৯টা থেকে ঘণ্টাব্যাপী অবরোধের সময় সড়কের দুপাশে কয়েকশ' যান আটকা পড়ে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 11:45 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

রংপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের কাউনিয়া উপজেলা সদরে যুবলীগ নেতার নেতৃত্বে রিকশা স্ট্যান্ড দখলের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে রোববার কয়েকশ' রিকশা ও ভ্যানচালক রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকাল সাড়ে ৯টা থেকে ঘণ্টাব্যাপী অবরোধের সময় সড়কের দুপাশে কয়েকশ' যান আটকা পড়ে । কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে রিকশা স্ট্যান্ড দখলমুক্ত করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন। স্থানীয় রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কাউনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা সদরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গাটি দীর্ঘদিন ধরে রিকশা ও ভ্যানস্ট্যান্ড হিসেবে ব্যবহার করে আসছিল চালকরা। শনিবার গভীর রাতে উপজেলা যুবলীগ নেতা ইউসুফের নেতৃত্বে সরকারি দলের কর্মীরা সেই জায়গায় অবৈধভাবে সাতটি দোকান তুলে দখল করে নেয়। তিনি জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কয়েকশ' রিকশা ও ভ্যানচালক রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট সড়ক অবরোধ করেন। ভাইস চেয়ারম্যান বলেন, "অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।" উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন জানান, রিকশা স্ট্যান্ড রাতারাতি দখল করার ঘটনায় দায়ীদের চিহ্নিত করা হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জমশেদ আলী জানান, ইউসুফ যুবলীগের উপজেলা কমিটির সদস্য। তবে রিকশা স্ট্যান্ড তার নেতৃত্বে দখল হয়েছে কিনা তা তিনি জানেন না। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান। এ ব্যাপারে ইউসুফের বক্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫২ ঘ.