ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে র্যাব কর্মকর্তার ওপর হামলা করে এক সন্ত্রাসীকে ছিনিয়ে নিয়ে গেছে তার সঙ্গীরা।
রোববার দুপুরে মিরপুর ১৩ নম্বর সেকশনের ন্যাম গার্ডেনের কাছে সন্ত্রাসীদের হামলায় আহত হন র্যাব কর্মকর্তা মেজর গোলাম সারোয়ার। তার মাথায় ও পায়ে আঘাত লেগেছে।
হামলার সময় সন্ত্রাসীরা তার পিস্তলটিও ছিনিয়ে নেয় বলে র্যাবের এক কর্মকর্তা জানিয়েছেন।
তিনি জানান, অভিযান শুরুর পর দুই ঘণ্টার মধ্যেই সন্ত্রাসীরা ছিনিয়ে নেওয়া অস্ত্রটি ফিরিয়ে দেয়।
র্যাব সদস্যরা মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শহর আলীর (৩৫) সহযোগিদের গ্রেপ্তার করতে গেলে র্যাব কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটে।
মেজর সারোয়ার বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।
শুক্রবার রাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী শহর আলী (৩৫) নিহত হয়।
রোববার তার সহযোগীদের ধরতে অভিযান চালানো হয়।
র্যাব-৪ এর অধিনায়ক লে.কর্নেল কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিরপুর ১৩ নম্বর সেকশনের ন্যাম গার্ডেনের কাছে শহর আলীর গ্র"প অবস্থান করছে জেনে র্যাব-৪ এর একটি দল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে মেজর গোলাম সারোয়ার একজন সন্ত্রাসীকে ধাওয়া করতে গিয়ে একা হয়ে যান এবং একজনকে ধরে ফেলেন।"
তিনি জানান, এ সময় তাকে ছাড়িয়ে নিতে কয়েকজন সন্ত্রাসী সারোয়ারের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের সহযোগিকে ছিনিয়ে নিয়ে চলে যায়।
তবে মেজর সারোয়ারের অস্ত্র ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এসএইচ/১৭৪৯ ঘ.
bdnews24