২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোনেই ভর্তির আবেদন: উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের পুরো বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে সম্পন্ন করার প্রক্রিয়ার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 10:01 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের পুরো বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে সম্পন্ন করার প্রক্রিয়ার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে প্রধানমন্ত্রী তার জাতীয় সংসদের কার্যালয়ে ভর্তি পরীক্ষার রেজিষ্ট্রেশনের নতুন এ পদ্ধতির উদ্বোধনকালে বলেন, "ডিজিটাল বাংলাদেশ গড়তে নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করতে হবে। "জনগণের জীবনমানের উন্নয়নের জন্যই আমি ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছিলাম।" তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ধরণের উদ্যোগের সাফল্য কামনা করে এজন্য সরকারের পক্ষ থেকে সব রকমের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। আরও বেশি তথ্য প্রযুক্তির ব্যবহারে সবাইকে আগ্রহী করে তুলতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণেরও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। নতুন এই পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র (ফরম) আনা বা তা জমা দেওয়ার জন্য ভর্তিচ্ছুকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে হবে না। তাদের টেলিটক মোবাইল ফোন থেকে এইচএসসি (উচ্চমাধ্যমিক পরীক্ষা) পাসের বোর্ড, সাল ও রোল নম্বর একটি নির্দিষ্ট নম্বরে এসএমএস করতে হবে। শিক্ষা বোর্ডের সার্ভার থেকে ওই তথ্য যাচাই করে শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা থাকলে তা একটি ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হবে এবং রেজিষ্ট্রেশনের জন্য কনফার্মেশন (নিশ্চিতকরণ) চাওয়া হবে। শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করলে রেজিষ্ট্রেশন করে তাকে একটি রোল নম্বর দেওয়া হবে। এছাড়াও শিক্ষার্থীর মোবাইল ফোনের ব্যালেন্স থেকে ভর্তি ফি বাবদ নির্দিষ্ট ফি কেটে রাখা হবে। পরীক্ষার দিন পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার স্থানে একটি সত্যায়িত ছবি নিয়ে যেতে হবে। এ প্রক্রিয়ার উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম, অধ্যাপক জাফর ইকবাল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচ/জিএনএ/১৬১৪ ঘ.